১ লাখ ৬০ হাজার তরুণ-তরুণী নিয়ে সিলেটে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

১ লাখ ৬০ হাজার তরুণ-তরুণী নিয়ে সিলেটে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

ঢাকা প্রতিনিধি:

সারা দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে বৃহৎ পরিসরের ক্রীড়া আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। আগামী শনিবার (২ মে) সিলেটে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এবারের আসরে মোট ১ লাখ ৬০ হাজারেরও বেশি কিশোর-কিশোরী অংশ নিচ্ছে বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আটটি খেলায়—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট—দেশব্যাপী ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখান থেকে বাছাই করা খেলোয়াড়রা জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নেবে।

সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে, যেখানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময় দেশের প্রতিটি জেলা স্টেডিয়ামে অংশগ্রহণকারী ক্রীড়াবিদরাও যুক্ত থাকবেন বলে জানানো হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক জানিয়েছেন, এবারের প্রতিযোগিতায় ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন নিবন্ধন করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কিশোরীও রয়েছে। তিনি বলেন, বাছাই প্রক্রিয়ায় কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ থাকবে না এবং পুরো কার্যক্রম কঠোরভাবে মনিটর করা হবে।

তিনি আরও জানান, জাতীয় পর্যায়ে নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের সরকারি স্কলারশিপ দেওয়া হবে এবং মেধাবীদের বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি আহত খেলোয়াড়দের জন্য থাকবে বিশেষ মেডিক্যাল সাপোর্ট টিম।

ক্রীড়া প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, এই উদ্যোগ দেশের গ্রাম-গঞ্জ থেকে উঠে আসা নতুন প্রতিভাদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করবে, যা ভবিষ্যতে জাতীয় ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।