তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল

খ্রিসমাসের আগে আট দফা ধর্মঘটে যাচ্ছেন লন্ডনের টিউব চালকেরা

খ্রিসমাসের আগে আট দফা ধর্মঘটে যাচ্ছেন লন্ডনের টিউব চালকেরা

ভয়েস অব পিপল রিপোর্ট, ৭ নভেম্বর :     খ্রিসমাসের কেনাকাটা ও নতুন বছরের উৎসবের আগে লন্ডনের গণপরিবহনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। কর্মপরিবেশ ও নতুন কর্মসপ্তাহের পরিকল্পনা নিয়ে বিরোধের জেরে আট দফা ২৪ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা দিয়েছেন লন্ডন আন্ডারগ্রাউন্ডের চালকদের ইউনিয়ন আরএমটি।

ইউনিয়নের ঘোষণা অনুযায়ী, প্রথম ধর্মঘট শুরু হবে ২৬ নভেম্বর দুপুর ১২টায়। এরপর ১৭ ও ১৯ ডিসেম্বর, ২০২৭ সালের ৪ ও ৬ জানুয়ারি এবং ১৭, ২৩ ও ২৫ ফেব্রুয়ারি ধর্মঘট হবে।

বিরোধের মূল কারণ টিএফএলের চার দিনের কর্মসপ্তাহ চালুর পরিকল্পনা। কর্তৃপক্ষের দাবি, নতুন ব্যবস্থায় চালকেরা চার দিন কাজ করার পাশাপাশি পাঁচ দিনের কর্মসপ্তাহও বেছে নিতে পারবেন। কিন্তু আরএমটির অভিযোগ, নতুন ব্যবস্থায় চালকদের কর্মঘণ্টা, দায়িত্বের চাপ ও কর্মস্থল পরিবর্তনের ঝুঁকি বাড়বে। এমনকি চাকরি কমানোর আশঙ্কাও রয়েছে।

বড়দিনের আগে ১৭ ও ১৯ ডিসেম্বরের ধর্মঘট বিশেষভাবে খুচরা ব্যবসা, পর্যটন ও সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলতে পারে। তাই যাত্রীদের আগাম বিকল্প যাতায়াতের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।