বিলেতি বিকেল—স্বল্পদৈর্ঘ্যে সময়ের ছবি, জীবনের প্রতিচ্ছবি
বিলেতি বিকেল-১ ।। প্রেসক্লাবে মধ্যবর্তী নির্বাচন হলে কেমন হয় ?
নতুন ধারাবাহিক, নতুন আঙ্গিক, নতুন আয়োজন—আজ থেকে শুরু হলো ‘বিলেতি বিকেল’।
ব্যস্ত জীবনে দীর্ঘ লেখা পড়ার সময় সবার হয় না। তাই প্রতিদিনের সমসাময়িক ঘটনা, সমাজ, রাজনীতি ও জীবনের নানা অসংগতি নিয়ে থাকছে দুই-তিন মিনিটের ছোট্ট কলাম। কখনো একটু হাসি, কখনো মৃদু ব্যঙ্গ, কখনো রসালো কটাক্ষ—তবে কাউকে আঘাত করা নয়, বরং হাসতে হাসতে কিছু কথা বলা।
বাসে, ট্রেনে কিংবা অবসরের এক ফাঁকে পড়ে নেওয়া যাবে।
‘কলিকালের কলধ্বনি’ চলবে তার নিজস্ব ধারায়। পাশাপাশি প্রতিদিন সঙ্গী হবে ‘বিলেতি বিকেল’।
পাঠকবন্ধুদের ভালোবাসা ও সঙ্গ প্রত্যাশা করছি।
— সিদ্দিকুর রহমান নির্ঝর
প্রেসক্লাবে মধ্যবর্তী নির্বাচন হলে কেমন হয় ?
লন্ডন বাংলা প্রেসক্লাবে ফুটবল-ক্রিকেটের পাশাপাশি একটু কুইজ, বিতর্ক, সাহিত্যচর্চা, ম্যাগাজিন প্রকাশনা, কাব্য চর্চা, আবৃত্তি এ ধরনের সৃজনশীল, মননশীল আয়োজন নিয়মিত হলে মন্দ হয় না। এমন কিছু প্রস্তাব আগেও দিয়েছি ‘কলিকালের কলধ্বনি’তে। কিন্তু সদস্যদের সব ইচ্ছা আর বাস্তবে রূপ নেয় কই !
ক্লাব তো আর শুধু একটি ভবন কিংবা কয়েকটি অনুষ্ঠানের নাম নয়। ক্লাব মানে সদস্যদের মিলনমেলা, চিন্তার আদান-প্রদান এবং সবার অংশগ্রহণে নতুন কিছু করার জায়গা।
অবশ্য সদস্যদের চাওয়াও বিচিত্র। কেউ চান সাহিত্যচর্চা, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান, কেউ খেলাধুলা, আবার কেউ চান নতুন উদ্যোগে নিজেদের যুক্ত করতে। সবার চাওয়া এক হবে, এমন প্রত্যাশা করাও বোধ হয় বাড়াবাড়ি।
তাই ভাবছি, ক্লাবে একটি মধ্যবর্তী নির্বাচন হলে কেমন হয়? সদস্যরা ভোট দিয়ে জানিয়ে দিন, তাঁরা আসলে কী চান। নির্বাচিত প্রতিনিধিরা তাঁদের প্রতিশ্রুতির অগ্রগতিও জানাবেন। এতে নেতৃত্বের যেমন সুবিধা হবে, সদস্যদের মনোভাব বুঝতেও তেমন সুবিধা হবে। এটা মোবাইলেও হতে পারে।
অবশ্যই এটি কোনো অনাস্থা প্রস্তাব নয়, বরং পরামর্শ। একটু মজার ছলে সদস্যদের মতামত জানার একটি গণতান্ত্রিক প্রস্তাব। আমার মতো অনেক সদস্য চান সৃজনশীল কর্মকান্ড আরও বেশি করে হোক।
তবে নির্বাচনের আগে প্রার্থীদের প্রতিশ্রুতির তালিকাটা একটু বড় করতে হবে। শুধু ফুটবল-ক্রিকেট দিয়ে এবার কিন্তু সব ভোট পাওয়া কঠিন হতে পারে! শুধু ক্যারাম আর দাবার বোর্ড নয় বরং সৃজনশীল আয়োজনেরও কিছু ভোট আছে বৈকি !
ক্লাব সবার। তাই ক্লাবের আনন্দ, আয়োজন ও কর্মসূচিও হওয়া উচিত সবার অংশগ্রহণে।
লন্ডন, ৬ নভেম্বর ২০২৬