তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল
পূর্ব লন্ডনের ক্যানিং টাউনে পাঁচটি ভবন খালি, ক্ষতিগ্রস্তদের খরচ দেবে নির্মাতা প্রতিষ্ঠান
কমিউনিটি ডেস্ক, ৭ নভেম্বর : পূর্ব লন্ডনের ক্যানিং টাউনে কাঠামোগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে পাঁচটি আবাসিক ভবন খালি করতে বাধ্য হওয়া বাসিন্দাদের অস্থায়ী আবাসন ও স্থানান্তরের যুক্তিসংগত খরচ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান গ্যালিয়ার্ড হোমস।
গত ২৩ অক্টোবর সেন্ট ভিনসেন্ট কোর্ট, সেঞ্চুরিয়ন টাওয়ার ও সভরেন টাওয়ার থেকে প্রায় ২১১টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়। পরে ৩০ অক্টোবর আরও দুটি ভবন—থানেট টাওয়ার ও প্রিন্স কোর্টের বাসিন্দাদেরও বাড়ি ছাড়তে বলা হয়।
নিউহাম কাউন্সিলের তথ্য অনুযায়ী, প্রথম তিনটি ভবনে গুরুতর কাঠামোগত সমস্যার আশঙ্কায় বিপজ্জনক ভবনসংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে।
নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ২৩ অক্টোবর থেকে প্রথম তিনটি ভবনের এবং ৩০ অক্টোবর থেকে পরবর্তী দুটি ভবনের ক্ষেত্রে অস্থায়ী আবাসন ও স্থানান্তরের যুক্তিসংগত খরচ ১৯ নভেম্বর পর্যন্ত বহন করা হবে।
বিশেষজ্ঞ প্রকৌশলীরা ভবনগুলোর সমস্যার কারণ অনুসন্ধান করছেন। তবে এখনো সমস্যার প্রকৃত কারণ চূড়ান্তভাবে নির্ধারণ করা যায়নি। প্রয়োজনীয় পরীক্ষা ও অনুমোদনের পর নিরাপত্তা নিশ্চিত করতে মেরামতের কাজ করা হবে।
পূর্ব লন্ডনের এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বাড়ির নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আবাসন ও আর্থিক সহায়তা অব্যাহত রাখা জরুরি।