করে আনন্দ মিছিল ও ফান: হঠাত গেলো বিএনপি নেতার প্রাণ!

করে আনন্দ মিছিল ও ফান:  হঠাত গেলো বিএনপি নেতার প্রাণ!

ঢাকা প্রতিনিধি, ২৫ ডিসেম্বর:  চট্টগ্রামের মিরসরাইয়ে আনন্দের মিছিল শেষ হতেই নেমে এলো শোকের ছায়া। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল শেষে বিএনপির এক প্রবীণ নেতার আকস্মিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নেতার নাম আবুল বশর (৬০)। তিনি ইছাখালী ইউনিয়নের চুনি মিঝির টেক এলাকার বাসিন্দা, মরহুম আহম্মদ সোবহানের পুত্র এবং ইছাখালী ইউনিয়ন বিএনপির একজন সদস্য ছিলেন।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় টেকেরহাট বাজারে তার নেতৃত্বে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়, জিয়া স্মৃতি সংসদে বসলে হঠাৎ আবুল বশর অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ইছাখালী ইউনিয়নের বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান জানান, “বৃহস্পতিবার সন্ধ্যায় টেকেরহাট বাজারে আনন্দ মিছিল শেষে আমরা সবাই বসেছিলাম। হঠাৎ করেই আবুল বশর ভাই মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তিনি ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ কর্মী। বয়সের ভার থাকলেও কোনো কর্মসূচি তিনি মিস করতেন না।”

তার আকস্মিক মৃত্যুতে ইছাখালী ইউনিয়ন বিএনপি এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আনন্দের মিছিল মুহূর্তেই পরিণত হয় শোকের সভায়। সহকর্মীরা স্মরণ করছেন একজন নিরলস, নীরব কিন্তু নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী হিসেবে, যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দলীয় কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

আনন্দের রঙ যে কত সহজে শোকের কালিতে রূপ নিতে পারে, মিরসরাইয়ের টেকেরহাটের এই ঘটনাই তার নির্মম স্মারক হয়ে রইল।