বার্মিংহাম মিডল্যান্ডসে বাংলা প্রেসক্লাবের ২০২৫-২৬ সালের নতুন নেতৃত্ব নির্বাচিত
কমিউনিটি ডেস্ক, ২০ এপ্রিল:
যুক্তরাজ্যের মিডল্যান্ডস অঞ্চলে কর্মরত বাংলা ভাষার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সংবাদকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
১৯ এপ্রিল, রবিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে জিয়া তালুকদার, সাধারণ সম্পাদক হিসেবে আতিকুর রহমান এবং কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ মোস্তফা লিমন নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত নেতৃত্বের যৌথ সিদ্ধান্তে কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ তালিকা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় নবনির্বাচিত তিন কর্মকর্তা সংগঠনের ঐতিহ্য ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, পেশাদার সংবাদকর্মীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সাংবাদিকদের মানোন্নয়ন এবং তাদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখাই হবে তাদের অগ্রাধিকার।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মারুফের সভাপতিত্বে এবং সদস্যসচিব আশরাফ ওয়াহিদ দুলালের সঞ্চালনায়। এতে সংগঠনের বিভিন্ন সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন সোহেল আহমদ চৌধুরী, সৈয়দ নাদির আহমদ, রায়হান তালুকদার, বদরুল আলম, নোমান রাজা, এনাম আহমেদ, মোছলেহ উদ্দিন, আশফাক জুনেদ এবং অলি ওয়াদুদসহ আরও অনেকে।
নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন বিশিষ্ট লেখক ও ছড়াকার শফিকুর রহমান শাজাহান, যিনি নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক বলে অভিহিত করেন।
সামগ্রিকভাবে, এই নির্বাচনকে মিডল্যান্ডস অঞ্চলে কর্মরত বাংলা ভাষার সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব ও সংগঠনিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।