তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল
ব্রিটেনে পেনশনভোগীদের জন্য সুখবর, বছরে বাড়ছে প্রায় ৪৯০ পাউন্ড
ভয়েস অব পিপল রিপোর্ট, ১০ নভেম্বর :
ব্রিটেনে অবসরপ্রাপ্ত মানুষের জন্য সুখবর। আগামী এপ্রিল থেকে স্টেট পেনশন বাড়ছে ৩.৯ শতাংশ। এতে পূর্ণ হারে নতুন স্টেট পেনশন পাওয়া ব্যক্তিরা বছরে প্রায় ৪৮৯ পাউন্ড অতিরিক্ত পাবেন। জীবনযাত্রার ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপে থাকা লাখ লাখ পেনশনভোগীর জন্য এই বৃদ্ধি কিছুটা আর্থিক স্বস্তি নিয়ে আসবে।
গত ২৮ অক্টোবর পার্লামেন্টে দেওয়া এক লিখিত বিবৃতিতে কর্ম ও পেনশনবিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন ২০২৭-২৮ অর্থবছরের নতুন পেনশন হার ঘোষণা করেন। সরকারের ট্রিপল লক নীতির আওতায় মজুরি বৃদ্ধির হার, মূল্যস্ফীতি অথবা ২.৫ শতাংশ—এই তিনটির মধ্যে যেটি বেশি, সেই অনুযায়ী স্টেট পেনশন বাড়ানো হয়। এবার গড় মজুরি বৃদ্ধির হার ৩.৯ শতাংশ হওয়ায় পেনশনও একই হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
বর্তমানে পূর্ণ হারের নতুন স্টেট পেনশন সপ্তাহে ২৪১.৩০ পাউন্ড। আগামী এপ্রিল থেকে তা বেড়ে সপ্তাহে প্রায় ২৫০.৭০ পাউন্ড হবে। অর্থাৎ প্রতি সপ্তাহে বাড়তি পাওয়া যাবে ৯.৪০ পাউন্ড। বছরে এই বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে প্রায় ৪৮৮.৮০ পাউন্ড।
অন্যদিকে, পুরোনো ব্যবস্থার আওতায় পূর্ণ বেসিক স্টেট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশনও ৩.৯ শতাংশ বাড়বে। তাঁদের বার্ষিক পেনশন প্রায় ৩৭৫ পাউন্ড বৃদ্ধি পাবে।
শুধু স্টেট পেনশন নয়, নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য পেনশন ক্রেডিটের অর্থও বাড়ানো হচ্ছে। আগামী এপ্রিল থেকে একক পেনশনভোগীর জন্য সাপ্তাহিক ন্যূনতম নিশ্চয়তাপ্রাপ্ত অর্থ ২৪৭.৩০ পাউন্ড এবং দম্পতির ক্ষেত্রে ৩৭৭.৪০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।
তবে পেনশন বৃদ্ধির সঙ্গে আয়করসংক্রান্ত বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নতুন স্টেট পেনশনের বার্ষিক পরিমাণ ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা ছাড়িয়ে যাওয়ায় একমাত্র স্টেট পেনশনের ওপর নির্ভরশীল কিছু অবসরপ্রাপ্ত মানুষের কর দেওয়ার প্রশ্ন তৈরি হতে পারে। এ পরিস্থিতি সামাল দিতে সরকার যোগ্য পেনশনভোগীদের জন্য নতুন Pension Tax Allowance চালুর ব্যবস্থাও করেছে।
উল্লেখ্য, স্টেট পেনশন পাওয়ার পরিমাণ ব্যক্তির জাতীয় বিমা বা National Insurance-এর যোগ্য অবদানের বছরের ওপর নির্ভর করে। তাই সবাই পূর্ণ হারে পেনশন পাবেন না।
ব্রিটেনে অবসরপ্রাপ্ত মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পেনশন বৃদ্ধি গুরুত্বপূর্ণ হলেও বাড়িভাড়া, কাউন্সিল ট্যাক্স, জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে এই অতিরিক্ত অর্থ কতটা সামঞ্জস্যপূর্ণ হবে, সেটিই এখন পেনশনভোগীদের বড় বিবেচনার বিষয়।