‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’
ঝুঁকি ভাতার ঝাঁকিতে ঝকঝকে হচ্ছে ৬০৮ আমলার পকেট
ভয়েস অব পিপল রিপোর্ট, ১০ নভেম্বর :
দেশে পণ্যের মান নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের, তাদের নিজেদের আর্থিক সুবিধার মান নিয়ে এবার প্রশ্ন তুলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ৬০৮ কর্মকর্তা-কর্মচারীর সবাই পাচ্ছেন ঝুঁকি ভাতা। আর এই ভাতার অঙ্ক এমন যে, বছরে মূল বেতনের ২৫ থেকে ২৭ মাসের সমপরিমাণ অতিরিক্ত অর্থ যোগ হচ্ছে তাঁদের পকেটে। সংস্থাটির আয় থেকে বছরে এ খাতে ব্যয় হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা। গত এক দশকে এই ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক হাজার কোটি টাকায়।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, বিএসটিআইয়ের আয় ও উদ্বৃত্ত অর্থের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার পরিবর্তে কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি ভাতা এবং অন্যান্য সুবিধায় ব্যয় করা হচ্ছে। অথচ অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, সংস্থাটির আয়কে বেসরকারি আয় হিসেবে বিবেচনার সুযোগ নেই। পণ্যের মান সনদ ও লাইসেন্স প্রদানও কর্মকর্তাদের নিয়মিত দাপ্তরিক দায়িত্বের অংশ। সেই কাজের আয় থেকে অতিরিক্ত সুবিধা নেওয়ার আইনগত ভিত্তি নিয়েই প্রশ্ন উঠেছে।
অভিযোগটি নতুন নয়। ২০২২ সালের ৫ জুন অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেল বিএসটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত ২৫ থেকে ২৭ মাসের মূল বেতনের সমপরিমাণ ঝুঁকি ভাতা বন্ধের নির্দেশ দিয়েছিল। কিন্তু ওই নির্দেশনার বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়। পরে নির্দেশনার কার্যকারিতা স্থগিত হলে ভাতা গ্রহণ অব্যাহত থাকে। এর আগে একাধিক অডিট আপত্তিতেও প্রতিষ্ঠানের আয়ের ৪০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বণ্টনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।
বিএসটিআই আইন, ২০১৮-এর ৪১ ধারায় সংস্থার তহবিল পরিচালনা ও অর্থ ব্যবস্থাপনার বিধান থাকলেও প্রায় আট বছরেও প্রয়োজনীয় বিধিমালা তৈরি হয়নি। দুদকের প্রতিবেদনের অভিযোগ, এই বিধিমালার অনুপস্থিতিকে কাজে লাগিয়ে ঝুঁকি ভাতা, পেনশন ও কল্যাণ ভাতাসহ বিভিন্ন খাতে অর্থ ব্যয় করা হচ্ছে। অথচ এসব ব্যয়ের যৌক্তিকতা নিয়ে অডিট আপত্তি রয়েছে।
শুধু ভাতা নয়, সংস্থাটির প্রকল্প বাস্তবায়ন ও কেনাকাটাতেও অনিয়মের অভিযোগ পেয়েছে দুদক। প্রধান কার্যালয়ের প্রশাসন ভবনের সম্প্রসারণ ও সাজসজ্জার কাজে কয়েকটি অডিট আপত্তিতে প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকার অনিয়মের বিষয় উঠে এসেছে। পাঁচ জেলায় বিএসটিআইয়ের সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে ২ কোটি ২০ লাখ টাকার কেনাকাটায় অনিয়ম এবং ঠিকাদারের কাছ থেকে প্রায় ২ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা আদায় না করার অভিযোগও রয়েছে।
দুদকের অনুসন্ধানে আরও দেখা গেছে, বিএসটিআইয়ের জাল সিল ব্যবহার করে নিম্নমানের ও ভেজাল পণ্য বাজারজাত করার অভিযোগ থাকলেও তদারকিতে ঘাটতি রয়েছে। ২০২০-২১ অর্থবছরে সংস্থাটি ২৭ হাজার ৫৭টি নমুনা পরীক্ষা করেছিল। কিন্তু বাধ্যতামূলক লাইসেন্সের আওতার বাইরে থাকা বহু পণ্য যথাযথ নজরদারির বাইরে থেকে যাচ্ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় লাইসেন্সের আওতা বাড়ানো, বাজার থেকে নমুনা সংগ্রহ, কারখানা পরিদর্শন ও বিশেষ অভিযান জোরদারের সুপারিশ করেছে দুদক। একই সঙ্গে বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে। কর্মকর্তাদের দায়িত্বে রোটেশন পদ্ধতি, অভ্যন্তরীণ নজরদারি এবং জনবল কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশও রয়েছে।
দুদকের প্রাতিষ্ঠানিক টিম এসব অনিয়মের উৎস ও প্রতিরোধের উপায় চিহ্নিত করে মোট ১৭টি সুপারিশ তৈরি করেছে। সম্প্রতি সেগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, অভিযোগ সত্য হলে এটি ক্ষমতার অপব্যবহার ও জনগণের অর্থ আত্মসাতের গুরুতর ঘটনা। নিয়মবহির্ভূতভাবে নেওয়া অর্থ ফেরত আদায় এবং জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেছেন, ঝুঁকি ভাতার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। বিষয়টি নতুন নয় এবং যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা পুরোপুরি সঠিক নয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান জানিয়েছেন, তিনি অভিযোগগুলোর বিষয়ে এখনো অবগত নন; খোঁজ নিয়ে জানাতে পারবেন।
এখন প্রশ্ন হলো, যে প্রতিষ্ঠান সাধারণ মানুষের কেনা পণ্যের মান যাচাই করে, সেই প্রতিষ্ঠানের নিজেদের আর্থিক ব্যবস্থাপনার মান যাচাই করবে কে? ৬০৮ জনের সবার জন্য ঝুঁকি ভাতা, অথচ সেই অর্থের আইনগত ভিত্তি নিয়ে বছরের পর বছর আপত্তি—এমন ব্যবস্থায় ঝুঁকিটা শেষ পর্যন্ত কার? ভোক্তার, সরকারি কোষাগারের, নাকি জবাবদিহিহীন প্রশাসনিক সংস্কৃতির?