‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’
ইসরায়েলের গদিতে বসার পথে গাদি আইজেনকট, বিদায়ের মুখে নেতানিয়াহু?
ভয়েস অব পিপল রিপোর্ট, ৭ নভেম্বর :
ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
৭ নভেম্বর রাতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ৮ নভেম্বর বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়ার কথা। তাঁর হাতে সরকার গঠনের জন্য ২৮ দিন থাকবে, প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো যাবে। তবে ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করতে হবে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর ইসরায়েলের রাজনীতিতে তৈরি হওয়া অচলাবস্থার মধ্যে এই সিদ্ধান্ত নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে আইজেনকটের হাতে সরকার গঠনের দায়িত্ব গেলেও তাঁর প্রধানমন্ত্রী হওয়া এখনো নিশ্চিত নয়। পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করাই হবে তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
নেতানিয়াহুর চেয়ে বেশি সমর্থন আইজেনকটের
ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটের নির্বাচনে কোনো রাজনৈতিক জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি।
চূড়ান্ত নির্বাচনী ফলাফল অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকটের নেতৃত্বাধীন নেতানিয়াহুবিরোধী চারদলীয় জোট পেয়েছে ৪৮টি আসন। বাকি ১৯টি আসন পেয়েছে দুটি আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দল।
একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন পেয়ে প্রথম হয়েছে। আইজেনকটের ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন।
নির্বাচনের পর সরকার গঠনের জন্য প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ পার্লামেন্টে নির্বাচিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করেন। এসব আলোচনায় ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে মত দেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেন ৪৬ জন। সাত সদস্যের ইউনাইটেড তোরাহ জুডাইজম কোনো প্রার্থীর পক্ষেই সুপারিশ করেনি।
এই সমর্থনের ব্যবধানই শেষ পর্যন্ত আইজেনকটকে প্রথমবারের মতো সরকার গঠনের সুযোগ এনে দিয়েছে।
কে এই গাদি আইজেনকট?

গাদি আইজেনকট ইসরায়েলের একজন সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা। ১৯৬০ সালে জন্ম নেওয়া এই রাজনীতিকের পারিবারিক শিকড় মরক্কোতে। তাঁর পরিবার মরক্কো থেকে ইসরায়েলে অভিবাসী হয়েছিল। জাতিগত ঐতিহ্যে মরক্কোর ইহুদি বংশোদ্ভূত; মিজরাহি (Mizrahi) ইহুদি হিসেবে পরিচিত গাদি।
তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীতে দীর্ঘ সামরিক জীবন কাটিয়েছেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশটির সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সর্বোচ্চ সামরিক প্রধানের দায়িত্ব পালন করেন।
সামরিক বাহিনী থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যোগ দেন। ২০২২ সালে ন্যাশনাল ইউনিটি জোটের মাধ্যমে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন। পরবর্তী সময়ে নিজস্ব রাজনৈতিক দল ইয়াশার প্রতিষ্ঠা করেন। ২০২৬ সালের নির্বাচনে দলটি ২১টি আসন পেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে।
নির্বাচনী প্রচারে আইজেনকট নেতানিয়াহুর নেতৃত্ব, গাজা যুদ্ধ পরিচালনা এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের উগ্র ডানপন্থী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে জোট গঠনের বিরোধিতা করেছেন।
সরকার গঠনে আরব দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ
আইজেনকটের সামনে সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণ হচ্ছে আরব দলগুলোর সমর্থন নিশ্চিত করা।
নির্বাচনে আরব নেতৃত্বাধীন দুটি দল—জয়েন্ট লিস্ট ১১টি এবং রা'আম আটটি আসন পেয়েছে। সম্মিলিতভাবে তাদের আসনসংখ্যা ১৯, যা ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের ইতিহাসে আরব দলগুলোর অন্যতম বড় অর্জন।
এই ১৯টি আসন সরকার গঠনের হিসাবকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আইজেনকটের জোটের ৪৮টি আসনের সঙ্গে আরব দলগুলোর ১৯টি আসন যুক্ত হলে মোট সংখ্যা দাঁড়ায় ৬৭। অর্থাৎ সংখ্যার হিসাবে সরকার গঠনের প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে ছয়টি বেশি।
তবে বাস্তব রাজনৈতিক পরিস্থিতি এতটা সহজ নয়। আইজেনকট অতীতে আরব দলগুলোর সঙ্গে সরাসরি সরকার গঠনের বিষয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর জোটের কয়েকটি দলের মধ্যেও আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক সমঝোতা নিয়ে মতপার্থক্য রয়েছে।
অন্যদিকে নেতানিয়াহু আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের উদ্যোগের বিরোধিতা করেছেন। তিনি এক ভিডিওবার্তায় জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান এবং আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিষয়ে আপত্তি তোলেন।
আইজেনকটের সামনে তিনটি সম্ভাব্য পথ
সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আইজেনকটের সামনে কয়েকটি রাজনৈতিক বিকল্প রয়েছে।
প্রথমত, আরব দলগুলোর বাইরের সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন করা। এতে আরব দলগুলো সরাসরি মন্ত্রিসভায় যোগ না দিলেও গুরুত্বপূর্ণ সংসদীয় ভোটে সরকারকে সমর্থন দিতে পারে।
দ্বিতীয়ত, নেতানিয়াহুর জোটের বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক শক্তির পাশাপাশি অতি-ধর্মীয় দলগুলোর কোনো অংশের সঙ্গে সমঝোতা করা। তবে ধর্মীয় দলগুলোর সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতির দাবিসহ বিভিন্ন নীতিগত বিষয়ে আইজেনকটের জোটের সঙ্গে মতপার্থক্য রয়েছে।
তৃতীয়ত, বৃহত্তর জাতীয় ঐক্যের সরকার গঠন করা। এ ক্ষেত্রে নেতানিয়াহুর লিকুদ পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। কিন্তু নেতানিয়াহুর সঙ্গে আইজেনকটের রাজনৈতিক ও নীতিগত বিরোধ এই উদ্যোগকে জটিল করে তুলতে পারে।
সরকার গঠনের জন্য সময় পাবেন ২৮ দিন
ইসরায়েলের মৌলিক সরকার আইন অনুযায়ী, প্রেসিডেন্টের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পর আইজেনকট সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে প্রেসিডেন্ট তাঁকে আরও সর্বোচ্চ ১৪ দিন সময় বাড়িয়ে দিতে পারবেন।
এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে সরকার গঠন এবং পার্লামেন্টের আস্থা অর্জন করতে হবে।
আইজেনকট ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কোনো আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন। দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হলে পার্লামেন্টের অন্তত ৬১ জন সদস্য যৌথভাবে কোনো একজন আইনপ্রণেতার নাম প্রস্তাব করার সুযোগ পাবেন। সেই প্রার্থী সরকার গঠনের জন্য ১৪ দিন সময় পাবেন।
সব প্রচেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত নেসেট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের পথে যেতে হতে পারে। ততক্ষণ পর্যন্ত বিদায়ী সরকার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবে।
দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আইজেনকট বলেন, এখন একটি জাতীয় জরুরি সরকার প্রতিষ্ঠার সময় এসেছে। জনগণের প্রত্যাশার উপযুক্ত প্রমাণিত হতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
সব মিলিয়ে ইসরায়েলের রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি হয়েছে। নির্বাচনে নেতানিয়াহুর দল এককভাবে সর্বাধিক আসন পেলেও তাঁর জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। অন্যদিকে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটও এককভাবে সরকার গঠনের মতো আসন পায়নি। এখন আরব দলগুলোর সমর্থন, রাজনৈতিক সমঝোতা এবং বিভিন্ন দলের পারস্পরিক শর্তের ওপর নির্ভর করছে ইসরায়েলের পরবর্তী সরকারের ভবিষ্যৎ।
তবে একটি বিষয় স্পষ্ট—প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলের রাজনীতিতে প্রভাব বিস্তারকারী নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার লড়াই এবার কঠিন এক সংসদীয় পরীক্ষার মুখে পড়েছে।