বিলেতি বিকেল—স্বল্পদৈর্ঘ্যে সময়ের ছবি, জীবনের প্রতিচ্ছবি
বিলেতি বিকেল ।। ৩ ।। ১০ হাজার দর্শকের সমাগমে ২০০ ফোন চুরি হলে দেশে চোরের সংখ্যা কত?
বাংলাদেশে চোরের সংখ্যা কত, তার কোনো নির্ভরযোগ্য সরকারি পরিসংখ্যান আছে কি না জানি না। তবে ৭ নভেম্বর জয়পুরহাটের কালাইয়ে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি দৃশ্যধারণ আমাদের সেই পরিসংখ্যান তৈরির নতুন সুযোগ করে দিয়েছে!

১০ হাজার দর্শকের সমাগম। আনন্দের পরিবেশ, জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। নিরাপত্তায় আড়াই শতাধিক পুলিশ ও প্রশাসনের সদস্য, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্বেচ্ছাসেবক। সব মিলিয়ে নিরাপত্তার এমন আয়োজন দেখে মনে হতে পারে, অনুষ্ঠানস্থলে পিঁপড়া ঢুকলেও তার পরিচয় পরীক্ষা করা হবে।
কিন্তু অনুষ্ঠান শেষে দেখা গেল, দর্শকদের অন্তত ১৫০ থেকে ২০০টি মোবাইল ফোন উধাও!
এখন ইত্যাদির নাতির মতো আমারও প্রশ্ন হচ্ছে,
১০ হাজার মানুষের সমাগমে যদি ২০০টি মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে, ১৮ কোটি মানুষ একসঙ্গে সমবেত হলে চোরের সংখ্যা কত দাঁড়াবে? অঙ্কটা বেশ জটিল! তবে ভয় হয়, হিসাব করতে গিয়ে শেষ পর্যন্ত যিনি ক্যালকুলেটর ধরবেন, তাঁর মোবাইলটিও না আবার গায়েব হয়ে যায়!
বাংলাদেশের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ও দীর্ঘতম বিনোদন ও শিক্ষামূলক টেলিভিশন ম্যাগাজিন ‘ইত্যাদি’ প্রায় চার দশক ধরে মানুষকে আনন্দ দিচ্ছে, শেখাচ্ছে, সচেতন করছে। হানিফ সংকেতের এই অনুষ্ঠান থেকে মানুষ পেয়েছে হাসি, শিক্ষা, সামাজিক মূল্যবোধ এবং সমাজের নানা অসংগতি নিয়ে ভাবনার খোরাক।
কিন্তু সেই ‘ইত্যাদি’ দেখতে গিয়েই যদি ১০ হাজার মানুষের সমাগমে ১৫০ থেকে ২০০টি মোবাইল ফোন চুরি হয়ে যায়, তাহলে প্রশ্ন জাগে, এই চোরেরা গত প্রায় ৪০ বছর ‘ইত্যাদি’ দেখে কী শিখল? নাকি অনুষ্ঠানের শিক্ষা গ্রহণ না করে শুধু দর্শকদের পকেটের অবস্থানটাই ভালো করে শিখেছে?
যে অনুষ্ঠানে বছরের পর বছর দুর্নীতি, অনিয়ম, অসততা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কথা বলা হয়, সেই অনুষ্ঠানের দর্শকসারিতেই যদি পকেটমারদের এমন দৌরাত্ম্য দেখা যায়, তাহলে আমাদের সামাজিক শিক্ষার ফলাফল নিয়ে নতুন করে ভাবতে হয়। অবশ্য চোরেরা হয়তো ‘ইত্যাদি’র নিয়মিত দর্শক নয়, বিশেষ উপলক্ষে বিশেষ উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছিল!
আশা করি, হানিফ সংকেত সাহেব আগামীতে তাঁর জনপ্রিয় ‘ইত্যাদি’ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে একটি মজার অথচ শিক্ষণীয় স্কিট তৈরি করবেন। সেখানে হয়তো প্রশ্ন থাকবে—‘ইত্যাদি’ দেখে চার দশকে দেশ কতটা শিখল, আর চোরেরা শিখল কতটা? দর্শক হাসবেন, হাততালি দেবেন। তবে পকেটের মোবাইলটি ঠিক জায়গায় আছে কি না, সেটিও একবার দেখে নেবেন!
লন্ডন, ৮ নভেম্বর ২০২৬