তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল

লন্ডনের আইনজীবী, দিল্লির আশ্রয়, ঢাকার প্রত্যাখ্যান: শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন আইনি লড়াই

লন্ডনের আইনজীবী, দিল্লির আশ্রয়, ঢাকার প্রত্যাখ্যান: শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন আইনি লড়াই

ভয়েস অব পিপল রিপোর্ট, ৯ নভেম্বর :

দেশে ফিরতে চান শেখ হাসিনা, কিন্তু ফেরার পথ এখন আর শুধু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়—জড়িয়ে গেছে পাসপোর্ট, নাগরিকত্ব, প্রত্যর্পণ চুক্তি ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের জটিল হিসাব। লন্ডনের আইনজীবীদের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন পাঠিয়ে তিনি সেই আইনি লড়াইয়ের নতুন অধ্যায় খুলেছেন। ঢাকার অবস্থান প্রত্যর্পণে, দিল্লি এখনো সিদ্ধান্তহীন। তাহলে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা কি বাস্তবে রূপ নেবে, নাকি আইনের জটিল গোলকধাঁধায় আটকে যাবে?

৯ নভেম্বর আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স (Matrix Chambers) শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার আবেদন পাঠিয়েছে। বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক অঙ্গীকারের ভিত্তিতে তাঁরা নতুন নথি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

নিচে শেখ হাসিনার পক্ষে লন্ডনের আইনজীবী স্টিভেন পাওলস কেসি (Steven Powles KC) বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লিতে ৯ নভেম্বর ২০২৬ তারিখে যে চিঠি পাঠিয়েছেন, তার সংবাদমাধ্যমে প্রকাশিত ইংরেজি পাঠ তুলে দেয়া হলো কৌতুহলি পাঠকদের জন্য। এটি প্রকাশিত অংশের ভিত্তিতে পুনর্গঠিত পাঠ—মূল ইমেইলের সম্পূর্ণ হুবহু কপি নয়।

Matrix Chambers-এর চিঠি

From: Steven Powles KC, Matrix Chambers, London
To: Preeti Rahman, Acting High Commissioner, Bangladesh High Commission, New Delhi
Date: 9 November 2026
Subject: Application for new Bangladeshi passport and National Identity Card (NID) for Sheikh Hasina

I am writing this letter as legal counsel for Her Excellency Sheikh Hasina, former Prime Minister of the People's Republic of Bangladesh.

In view of the reported revocation of her existing Bangladeshi passport and National Identity Card (NID) by the Interim Government and other authorities, I respectfully request that you take the necessary steps to issue a new Bangladeshi passport and National Identity Card for our client.

Our request is made on the basis of her Bangladeshi nationality in accordance with any obligations arising under the laws of Bangladesh as well as any applicable obligations arising under international human rights instruments.

We would be grateful if the High Commission would examine the matter and inform us of the necessary formalities and documentation required to process these applications expeditiously.

We trust, Excellency, that this request will be addressed in a timely fashion, and express appreciation for your kind attention and cooperation.

Yours faithfully,
Steven Powles KC
Matrix Chambers, London

রয়টার্সের দেখা ওই চিঠিতে আবেদনটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ করা হয়েছে। শেখ হাসিনার আইনজীবীদের যুক্তি, বাংলাদেশের নাগরিক হিসেবে তাঁর পরিচয় ও ভ্রমণসংক্রান্ত নথি পাওয়ার অধিকার রয়েছে।

তবে আবেদনটি শেখ হাসিনার সরাসরি অনুমোদন বা যথাযথ ক্ষমতাপত্রের ভিত্তিতে জমা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের হাইকমিশন চিঠিটি ঢাকায় পাঠিয়েছে যাচাইয়ের জন্য। ফলে আবেদন পাঠানো এবং সেটি আনুষ্ঠানিকভাবে বৈধ আবেদন হিসেবে গৃহীত হওয়া—দুটি বিষয় এখনো এক নয়।

২০২৪ সালের আগস্টে দেশত্যাগের পর বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনের কাছে এটিই তাঁর পক্ষ থেকে প্রথম জানা আনুষ্ঠানিক যোগাযোগ। রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। এপি-কে তিনি বলেছেন, যেকোনো মূল্যে দেশে ফিরতে চান।

ঢাকার অবস্থান: পাসপোর্ট নয়, প্রত্যর্পণ

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একাধিক বক্তব্য এসেছে।

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের বিষয়ে কোনো বক্তব্য দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি ইঙ্গিত করে বলেন, ‘আমরা ৭ নভেম্বর রাজপথে নেমেছি। রাজপথে আমরা থাকব। রাজপথে থেকেই সব ষড়যন্ত্রের মোকাবিলা আমাদের করতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পাসপোর্ট ও এনআইডির আবেদনটি সত্য কি না, যথাযথভাবে জমা হয়েছে কি না এবং শেখ হাসিনা আইনগতভাবে এসব নথি পাওয়ার যোগ্য কি না, তা যাচাই করা হচ্ছে। পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট পাসপোর্ট, নাগরিকত্ব ও এনআইডি আইন পর্যালোচনা করছে। যাচাই শেষ হওয়ার আগে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর জন্য বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে।

পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাধারণ পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করে বলেছেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত একজন পলাতক আসামিকে সাধারণ যাত্রীর মতো পাসপোর্ট দিয়ে দেশে ফেরানোর প্রশ্ন নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থার ওই আবেদনের ভিত্তি লিগ্যালি, ইথিক্যালি ও মোরালি দুর্বল। যেকোনো ল’ ফার্মেরই জানা উচিত তাদের ক্লায়েন্ট (মক্কেল) আসলে কে। তাদের ক্লায়েন্ট এমন একজন ব্যক্তি, যিনি দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়েছেন। বাংলাদেশি জনগণের কাছ থেকে লুট করা রক্তমাখা টাকার পেছনে না ছুটে তাদের কিছুটা নৈতিক ও পেশাগত সীমারেখা মেনে চলা উচিত বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, একজন পলাতক সন্ত্রাসীর পক্ষে এমন অনৈতিক প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে তাঁদেরই লজ্জিত করবে। তাঁর বক্তব্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির পথেই এগোবে। তিনি শেখ হাসিনাকে ভারতে না থেকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তরের উদ্যোগ নিতে বলেছেন।

এর আগে ৩ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছিলেন, শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে না। প্রয়োজন হলে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে তাঁকে ফিরিয়ে আনার প্রক্রিয়াও অনুসরণ করা হবে। তাঁর বক্তব্যে বলা হয়েছিল, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হওয়ায় দেশে ফেরার জন্য ট্রাভেল পাস বা অন্য কোনো নথির আবেদন করলে সে সময়কার পরিস্থিতি ও আইনগত বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বক্তব্যগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সরকার তাঁর দেশে ফেরার অধিকার অস্বীকার করছে কি না, আর তাঁকে কী প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে—দুটি পৃথক প্রশ্ন। অর্থাৎ সরকারের বক্তব্যে দুটি বিষয় পাশাপাশি রয়েছে—একদিকে পাসপোর্ট আবেদনের বৈধতা যাচাই, অন্যদিকে প্রত্যর্পণের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ।

পাসপোর্ট বাতিল মানেই কি দেশে ফেরার অধিকার শেষ?

আইনগতভাবে পাসপোর্ট বাতিল এবং নাগরিকত্ব বাতিল এক বিষয় নয়।

বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের চলাচলের স্বাধীনতার পাশাপাশি বাংলাদেশ ত্যাগ ও পুনরায় বাংলাদেশে প্রবেশের অধিকার স্বীকৃত হয়েছে। অবশ্য আইনের মাধ্যমে আরোপিত যুক্তিসংগত বিধিনিষেধ এর ক্ষেত্রে প্রযোজ্য।

অন্যদিকে পাসপোর্ট হচ্ছে আন্তর্জাতিক ভ্রমণের জন্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত পরিচয় ও ভ্রমণ দলিল। ফলে পাসপোর্ট বাতিল হলেই একজন নাগরিকের দেশে ফেরার সাংবিধানিক অধিকার স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয় না। আবার নাগরিকত্ব থাকলেই নতুন পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা তৈরি হয় না।

সাধারণভাবে বৈধ পাসপোর্ট না থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার জন্য ট্রাভেল পারমিট বা ট্রাভেল পাস দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে সরকার সাধারণ ভ্রমণ নথি দেওয়ার পরিবর্তে প্রত্যর্পণ প্রক্রিয়ায় জোর দিচ্ছে।

বাংলাদেশ ও ভারতের ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এক দেশ অন্য দেশের কাছে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে হস্তান্তর করতে পারে। চুক্তিতে নিজ দেশের নাগরিককে প্রত্যর্পণের সুযোগও রয়েছে। তবে রাজনৈতিক অপরাধ, ন্যায়বিচারের স্বার্থ এবং অন্যান্য আইনি কারণে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের বিধানও আছে।

এ কারণে ভারত সম্মতি না দিলে শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ হবে না। আবার ভারত তাঁকে প্রত্যর্পণে রাজি হলে পাসপোর্টের সাধারণ প্রক্রিয়া ছাড়াও দুই দেশের সম্মতিতে বিশেষ রাষ্ট্রীয় ব্যবস্থায় তাঁকে বাংলাদেশে হস্তান্তর করা সম্ভব।

জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর অবস্থান

শেখ হাসিনার দেশে ফেরার বিতর্কের সঙ্গে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় এবং বিচারপ্রক্রিয়ার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রশ্নও জড়িয়ে আছে।

২০২৫ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে আপত্তি জানিয়েছেন।

রায়ের পর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, এই রায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তবে আন্তর্জাতিক অপরাধের বিচারসহ সব জবাবদিহিমূলক প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড, যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। বিশেষ করে অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের ক্ষেত্রে এসব মানদণ্ড আরও গুরুত্বপূর্ণ। জাতিসংঘ সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ডও রায়ের সমালোচনা করেন। তাঁর বক্তব্য, ২০২৪ সালের সহিংসতার জন্য দায়ীদের অবশ্যই তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে। কিন্তু শেখ হাসিনার অনুপস্থিতিতে দ্রুত বিচার, আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ এবং সাক্ষীদের জেরা করার অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। সংস্থাটি মৃত্যুদণ্ডেরও বিরোধিতা করেছে।

হিউম্যান রাইটস ওয়াচের অবস্থানও প্রায় একই ধরনের। সংস্থাটি বলেছে, শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। তবে তা হতে হবে নিরপেক্ষ তদন্ত ও বিশ্বাসযোগ্য বিচারের মাধ্যমে। অনুপস্থিতিতে বিচার, পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার নিয়ে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে।

এখানে লক্ষণীয়, জাতিসংঘ বা মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে দায়মুক্তির কথা বলছে না। তাদের মূল বক্তব্য হচ্ছে, গুরুতর অপরাধের বিচার অবশ্যই আন্তর্জাতিক ন্যায়বিচারের মানদণ্ড মেনে হতে হবে। একই সঙ্গে ২০২৪ সালের সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং সত্য উদ্‌ঘাটনের বিষয়টিও নিশ্চিত করতে হবে।

ব্রিটিশ রাজনীতিকদের উদ্বেগ: বিচার হোক, তবে ন্যায়বিচারের শর্তে

শেখ হাসিনার বিচার ও দেশে ফেরার প্রশ্ন যুক্তরাজ্যের রাজনৈতিক মহলেও আলোচনায় এসেছে।

৪ নভেম্বর প্রকাশিত এক নিবন্ধে ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক প্রতিশোধের চক্র ভাঙতে যুক্তরাজ্যের কূটনৈতিক ভূমিকা থাকা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি যেমন জরুরি, তেমনি অভিযুক্ত ব্যক্তির ন্যায়সংগত বিচার পাওয়ার অধিকারও নিশ্চিত করতে হবে।

এ ছাড়া ৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বব ব্ল্যাকম্যানসহ কয়েকজন ব্রিটিশ রাজনীতিক পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে শেখ হাসিনার বিচার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আবেদন করেছেন। তাঁদের বক্তব্যে স্বাধীন বিচারিক পর্যালোচনা, আত্মপক্ষ সমর্থনের সুযোগ, মৃত্যুদণ্ড ও নির্যাতনের ঝুঁকি এবং জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণের বিষয়গুলো উঠে এসেছে।

তবে কয়েকজন ব্রিটিশ সংসদ সদস্যের এই উদ্যোগকে যুক্তরাজ্য সরকারের আনুষ্ঠানিক নীতি কিংবা ব্রিটিশ পার্লামেন্টের সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। এটি সংশ্লিষ্ট রাজনীতিকদের নিজস্ব রাজনৈতিক ও মানবাধিকারভিত্তিক অবস্থান।

দিল্লির সিদ্ধান্তই কি শেষ পর্যন্ত নির্ধারণ করবে প্রত্যাবর্তনের পথ?

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধ ভারত সরকারের কাছে রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ২০২৬ সালের জুলাইয়ে জানিয়েছিলেন, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ তাদের কাছে পৌঁছেছে এবং বিষয়টি সংশ্লিষ্ট আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসারে পরীক্ষা করা হচ্ছে।

৭ অক্টোবরও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রশ্ন এবং সংশ্লিষ্ট আইনগত দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে ভারত সরকার তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

ভারতের সামনে তাই একটি কূটনৈতিক ও আইনি বিবেচনা রয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, প্রত্যর্পণ চুক্তির বাধ্যবাধকতা, শেখ হাসিনার নিরাপত্তা এবং মৃত্যুদণ্ডের রায়ের বিষয়—সবকিছুই তাদের সিদ্ধান্তে প্রাসঙ্গিক হতে পারে।

শেষ পর্যন্ত কোন পথে ফিরবেন শেখ হাসিনা?

বর্তমান পরিস্থিতিতে তাঁর সামনে কয়েকটি সম্ভাব্য পথ রয়েছে।

প্রথমত, বাংলাদেশের হাইকমিশন থেকে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পারমিট পাওয়ার চেষ্টা। তবে সরকারের বর্তমান অবস্থান বিবেচনায় এই পথ সহজ নয়।

দ্বিতীয়ত, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরা। সরকার প্রকাশ্যে এই পথকেই অগ্রাধিকার দিচ্ছে।

তৃতীয়ত, দুই দেশের সম্মতিতে বিশেষ রাষ্ট্রীয় ব্যবস্থায় হস্তান্তর। এ ক্ষেত্রে সাধারণ যাত্রীর মতো ভ্রমণ প্রক্রিয়া অনুসরণ না করেও দেশে ফেরার ব্যবস্থা হতে পারে।

স্থলসীমান্ত দিয়ে গাড়িতে করে প্রবেশের কথাও আলোচনায় রয়েছে। কিন্তু অনুমোদিত সীমান্ত ও রাষ্ট্রীয় সমন্বয় ছাড়া এটি কোনো বৈধ বিকল্প নয়। গাড়িতে আসা পাসপোর্ট বা প্রত্যর্পণের আইনি জটিলতার সমাধান করে না।

সব মিলিয়ে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, নাগরিক অধিকার, বিচারব্যবস্থা এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ককে আবারও আলোচনার কেন্দ্রে এনেছে।

একদিকে বাংলাদেশ সরকার তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়া কার্যকর করতে চায়। অন্যদিকে তাঁর আইনজীবীরা নাগরিকত্বের ভিত্তিতে পরিচয় ও ভ্রমণ নথি পাওয়ার অধিকার তুলে ধরছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, অভিযোগের বিচার এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির ন্যায়সংগত বিচার পাওয়ার অধিকারও অক্ষুণ্ন রাখতে হবে।

এখানে একটি বিষয় স্পষ্ট—দেশে ফেরার সাংবিধানিক অধিকার, পাসপোর্ট পাওয়ার যোগ্যতা এবং আদালতের দণ্ডের মুখোমুখি হওয়া তিনটি পৃথক আইনি প্রশ্ন। একটির উত্তর দিয়ে অন্য দুটির নিষ্পত্তি করা যায় না।

লন্ডনের আইনজীবীরা নথি পাওয়ার অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন, ঢাকা চাইছে প্রত্যর্পণের মাধ্যমে তাঁকে ফিরিয়ে আনতে, আর দিল্লি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ফলে শেখ হাসিনার ডিসেম্বরের প্রত্যাবর্তন শেষ পর্যন্ত শুধু তাঁর ব্যক্তিগত ইচ্ছার বিষয় নয়; এটি বাংলাদেশের বিচারব্যবস্থা, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দুই প্রতিবেশী রাষ্ট্রের কূটনৈতিক সিদ্ধান্তেরও পরীক্ষা।