ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
পাকিস্তানের খরচে, নিজের গরজে প্রশিক্ষণে যাচ্ছেন আরও ৩৫ সরকারি কর্মকর্তা
বাংলাদেশ প্রতিনিধি, ৭ নভেম্বর:
সরকারি প্রশাসনের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে এবার পাকিস্তানে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন বাংলাদেশের ৩৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাঁদের মধ্যে অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচজন এবং যুগ্ম সচিব পদমর্যাদার ৩০ জন রয়েছেন।
আগামী ৯ থেকে ২২ নভেম্বর পাকিস্তানের লাহোরে ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। কর্মকর্তাদের ৮ নভেম্বর ঢাকা ছাড়ার কথা রয়েছে।
প্রশিক্ষণে সুশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা, সরকারি নীতিকৌশল এবং প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার বিষয়ে ধারণা দেওয়া হবে। যাতায়াত, থাকা-খাওয়া ও প্রশিক্ষণের সম্পূর্ণ ব্যয় বহন করবে পাকিস্তান সরকার। এতে বাংলাদেশের সরকারি অর্থ ব্যয় হবে না।
এর আগে গত মে মাসে ১২ জন বাংলাদেশি কর্মকর্তা পাকিস্তানে প্রথম দফার প্রশিক্ষণ নেন। অর্থাৎ দুই দফায় দেশটিতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন মোট ৪৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তা।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে বাংলাদেশি কর্মকর্তাদের প্রশিক্ষণের অন্যতম গন্তব্য ভারতের মুসৌরিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় প্রশাসন একাডেমিতে প্রশিক্ষণ কার্যক্রম ২০২৪ সালের আগস্টের পর থেকে বন্ধ রয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন, চুক্তির মেয়াদ শেষ হওয়া ও ভিসা জটিলতাকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হয়। তবে বিশেষজ্ঞদের অভিমত, প্রশিক্ষণের ক্ষেত্রে কোনো একটি দেশের ওপর নির্ভর না করে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগানো উচিত।
উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের এখনো আনুষ্ঠানিক কোনো প্রশিক্ষণ চুক্তি হয়নি। পারস্পরিক বোঝাপড়া ও অভিজ্ঞতা বিনিময়ের পর ভবিষ্যতে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।