আধুনিক চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনা
মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের যাত্রা শুরু
কমিউনিটি ডেস্ক, ২০ এপ্রিল: মৌলভীবাজারে উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। গত ১৮ এপ্রিল এক আড়ম্বরপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হাসপাতালটির উদ্বোধন অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম আনসারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। উদ্বোধন করেন প্রখ্যাত আলেম ড. এনায়েত উল্লা আব্বাসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন এবং ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদ। এ সময় অন্যান্য চিকিৎসক, পরিচালক ও শেয়ারহোল্ডাররাও বক্তব্য রাখেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেমকিস-১ন।
বক্তারা বলেন, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে গড়ে ওঠা এই হাসপাতাল চালুর ফলে মৌলভীবাজারের সাধারণ মানুষ এখন সহজেই উন্নত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। এতে করে ঢাকামুখী চিকিৎসা নির্ভরতা অনেকাংশে কমবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে মধ্যাহ্নভোজের পর অতিথিরা সম্মিলিতভাবে ফিতা কেটে এবং দোয়ার মাধ্যমে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর তাঁর বক্তব্যে বলেন, এই প্রকল্প বাস্তবায়নে যারা দেশ-বিদেশ থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন—ম্যানেজিং ডিরেক্টর, পরিচালক ও শেয়ারহোল্ডারসহ সকলের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি আরও জানান, ইনসানিয়া হাসপাতাল মানবতার কল্যাণে একটি বিশ্বস্ত স্বাস্থ্যসেবার কেন্দ্র হিসেবে গড়ে উঠতে চায় এবং সবসময় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করেছে।
তিনি মৌলভীবাজারবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান একদিন আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হবে—এটাই তাদের প্রত্যাশা।