ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

সিলেট ওসমানী বিমান বন্দরে ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট

সিলেট ওসমানী বিমান বন্দরে  ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট

সিলেট প্রতিনিধি, ৬ আগস্ট:

দীর্ঘ আট বছরের বিরতির পর আবারও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু হতে যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে। দীর্ঘ আট বছরের বিরতির পর আবারও এ সেবা চালু হচ্ছে। ওমানভিত্তিক বিমান সংস্থা সালামএয়ার সিলেট–মাস্কাট রুটে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু করবে। এর মধ্য দিয়ে প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের যাত্রীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করবে সালামএয়ার। ভবিষ্যতে যাত্রী চাহিদা বাড়লে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। পাশাপাশি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ দেখাচ্ছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, নতুন এই সেবা চালু হলে বিশেষ করে ওমানে কর্মরত সিলেটি প্রবাসীরা তুলনামূলক কম খরচে এবং সরাসরি নিজ অঞ্চলে যাতায়াতের সুযোগ পাবেন। এতে সময় ও ভ্রমণ ব্যয়—উভয়ই কমবে।

সালামএয়ারের সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিম আল রাজি জানান, বর্তমানে এয়ারলাইনটি মধ্যপ্রাচ্য, ভারতীয় উপমহাদেশ, আফ্রিকা ও ইউরোপের ৩৮টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির মোট সাপ্তাহিক ২৪টি ফ্লাইটের মধ্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে সাতটি এবং সিলেট থেকে তিনটি পরিচালিত হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১ এপ্রিল দুবাইভিত্তিক ফ্লাইদুবাই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে সিলেট–দুবাই রুটে ফ্লাইট চালু করেছিল। শুরুতে সপ্তাহে পাঁচ দিন এবং পরে প্রতিদিন ফ্লাইট পরিচালিত হলেও পরিচালনাগত কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে সেই সেবা বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ আট বছর ওসমানী বিমানবন্দরে কোনো বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট ছিল না।

নতুন এই উদ্যোগকে সিলেট অঞ্চলের প্রবাসী ও ব্যবসায়ী মহল ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের আশা, আন্তর্জাতিক সংযোগ বাড়লে প্রবাসীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি সিলেটের পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগেও ইতিবাচক প্রভাব পড়বে।