টাওয়ার হ্যামলেটসে এসপায়ার পার্টির ১৪৮ নির্বাচনী প্রতিশ্রুতিসহ ইশতেহার ঘোষণা
ভয়েস অব পিপল কমিউনিটি ডেস্ক: আসন্ন ৭ মে, ২০২৬ সালের স্থানীয় নির্বাচনকে সামনে রেখে লুৎফুর রহমান এবং তাঁর নেতৃত্বাধীন Aspire Party ঘোষণা করেছে ১৪৮ দফার একটি বিস্তৃত ইশতেহার। জীবনযাত্রার ব্যয়সংকটে থাকা বাসিন্দাদের সহায়তাকে অগ্রাধিকার দিয়ে এই পরিকল্পনায় রাখা হয়েছে একাধিক নতুন ও গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। যেমন:
উল্লেখযোগ্য প্রতিশ্রুতি
- নিম্ন আয়ের পরিবারের ১ম বর্ষের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য টিউব, বাস ও ওভারগ্রাউন্ডে সম্পূর্ণ ফ্রি ট্রাভেল পাস চালু
- ১২,০০০-এর বেশি সাশ্রয়ী ও সামাজিক ভাড়ার ঘর (Affordable & Social Homes) নির্মাণের অঙ্গীকার
- নবজাতক সন্তানের পরিবারের জন্য “টাওয়ার হ্যামলেটস প্রেগন্যান্সি পেমেন্ট” চালু
- নিম্ন আয়ের তরুণদের জন্য ল্যাপটপ প্রদান কর্মসূচি
- রেন্ট হার্ডশিপ ফান্ড আরও বৃদ্ধি
- বাসিন্দাদের জন্য বেশি পার্কিং সুবিধা নিশ্চিত করা
- বিদ্যমান ফ্রি স্কুল মিল কর্মসূচি অব্যাহত রাখা
- ফ্রি হোম কেয়ার সেবা চালু রাখা
- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গ্রান্ট ও EMA (Education Maintenance Allowance) অব্যাহত রাখা
- ২০টি ইয়ুথ সেন্টার ও নারী সেন্টার পরিচালনা ও সম্প্রসারণ
- সকল কম আয়ের পরিবারের জন্য কাউন্সিল ট্যাক্স ফ্রিজ বজায় রাখা
- ফ্রি সুইমিং সুবিধা অব্যাহত রাখা
ইশতেহারের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি যুগান্তকারী উদ্যোগ—নিম্ন-আয়ের পরিবারের প্রথম বর্ষের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি ট্রাভেল পাস চালু। এর আওতায় লন্ডন টিউব, ওভারগ্রাউন্ড ও বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ দেওয়া হবে। কাউন্সিল সূত্রে জানা গেছে, Transport for London-এর সঙ্গে আলোচনার মাধ্যমে এই পাসের শর্ত, সীমা ও মেয়াদ নির্ধারণ করা হবে এবং এর অর্থায়ন করবে কাউন্সিল নিজেই।

নতুন ইশতেহারে আবাসন খাতেও বড় অঙ্গীকার করা হয়েছে। দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগেই ১২ হাজারের বেশি সাশ্রয়ী ও সামাজিক ভাড়ার বাড়ি নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান মেয়াদের মধ্যেই প্রায় ৬ হাজার ঘর নির্মাণ বা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এছাড়া নবজাতক শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দিতে “প্রেগন্যান্সি পেমেন্ট” চালুর ঘোষণা দেওয়া হয়েছে। ডিজিটাল বৈষম্য কমাতে নিম্ন আয়ের পরিবারের তরুণদের ল্যাপটপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

ইশতেহারে আরও বলা হয়েছে, বিদ্যমান জনপ্রিয় কর্মসূচিগুলো অব্যাহত রাখা হবে। এর মধ্যে রয়েছে ফ্রি স্কুল মিল, ফ্রি হোম কেয়ার, ইউনিভার্সিটি গ্রান্ট ও ইএমএ, ২০টি ইয়ুথ সেন্টার ও নারী সেন্টার স্থাপন, ফ্রি সুইমিং সুবিধা এবং নিম্ন আয়ের পরিবারের জন্য কাউন্সিল ট্যাক্স স্থির রাখা। পাশাপাশি রেন্ট হার্ডশিপ ফান্ড বাড়ানো ও পার্কিং সুবিধা সম্প্রসারণের কথাও উল্লেখ করা হয়েছে।
২০২২ সালের নির্বাচনে লন্ডনের একটি বরোতে প্রধান তিন দল—কনজারভেটিভ, লেবার ও লিবারেল ডেমোক্র্যাটদের বাইরে প্রথম দল হিসেবে জয় পায় এসপায়ার পার্টি। গত মেয়াদে ঘোষিত প্রায় ১১০টি প্রতিশ্রুতির বেশিরভাগ বাস্তবায়নের দাবি করেছে দলটি।
এদিকে জরিপ সংস্থা YouGov-এর পূর্বাভাস অনুযায়ী, এবারের নির্বাচনেও টাওয়ার হ্যামলেটসে এগিয়ে রয়েছে এসপায়ার পার্টি। ফলে নতুন এই উচ্চাভিলাষী ইশতেহার বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও স্থানীয় রাজনীতিতে বাড়ছে আলোচনা।