‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’

লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে আগুন, মা ও তিন সন্তানের মৃত্যু

লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে আগুন, মা ও তিন সন্তানের মৃত্যু

ভয়েস অব পিপল রিপোর্ট, ২৯ সেপ্টেম্বর :

মার্সিসাইডের বুটলে গত সপ্তাহে যে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মা ও তাঁর তিন সন্তান প্রাণ হারিয়েছেন, সেই আগুনের সূত্র হিসেবে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারিকে শনাক্ত করেছে মার্সিসাইড ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস।

২২ সেপ্টেম্বর ভোরে স্টোন স্কয়ারের একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ভোর ৩টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ওপরের তলার একটি শয়নকক্ষে চারজনকে উদ্ধার করে। পরে তাঁদের সবাইকে মৃত ঘোষণা করা হয়।

নিহতরা হলেন ৩৬ বছর বয়সী এলিশা ব্রাবিন এবং তাঁর তিন সন্তান—১৬ বছর বয়সী লিও, আট বছর বয়সী এলিস ও সাত বছর বয়সী প্রুডেন্স। আগুনের ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

তদন্তে দেখা গেছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে লিথিয়াম-আয়ন ব্যাটারিতে ‘থার্মাল রানঅ্যাওয়ে’ শুরু হয়। এ অবস্থায় ব্যাটারি যে পরিমাণ তাপ তৈরি করে, তা দ্রুত বের হতে না পারায় তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে পারে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ব্যাটারিটি ঠিক কোন কাজে ব্যবহার করা হচ্ছিল, তা তারা নিশ্চিত করেনি। তবে এ ধরনের ব্যাটারি ই-বাইক, ই-স্কুটারসহ বিভিন্ন বৈদ্যুতিক যানবাহনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

মার্সিসাইডে লিথিয়াম-আয়ন ব্যাটারি নিয়ে উদ্বেগ নতুন নয়। ফায়ার সার্ভিসের হিসাবে, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত এলাকায় এ ধরনের ব্যাটারি-সম্পর্কিত ১৫০টি অগ্নিকাণ্ড ঘটেছে এবং এসব ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাটারি ফুলে যাওয়া, অস্বাভাবিক শব্দ করা, তীব্র গন্ধ বের হওয়া, চার্জ না হওয়া কিংবা ধোঁয়া দেখা গেলে সেটি আর ব্যবহার করা উচিত নয়। প্রস্তুতকারকের অনুমোদিত ব্যাটারি ও চার্জার ব্যবহার করার ওপরও জোর দেওয়া হয়েছে।

পরিবারের পক্ষ থেকে এলিশাকে একজন নিবেদিতপ্রাণ মা হিসেবে স্মরণ করা হয়েছে। স্বজনেরা বলেছেন, তাঁর সন্তানরাই ছিল তাঁর পৃথিবী। চারজনের আকস্মিক মৃত্যুতে পরিবারটি গভীর শোকের মধ্যে রয়েছে।