চাঁপাইনবাবগঞ্জে চেপে ধরে চাপাতি ও কুড়াল দিয়ে হাত-পা কেটে দিলো জামায়াত সমর্থকরা

চাঁপাইনবাবগঞ্জে চেপে ধরে চাপাতি ও কুড়াল দিয়ে হাত-পা কেটে দিলো জামায়াত সমর্থকরা

বাংলাদেশ প্রতিনিধি, ২৭ ডিসেম্বর:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবু সুফিয়ান সিজু (২৫) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে চেপে ধরে বেঁধে চাপাতি ও কুড়াল দিয়ে দুই হাত ও পা কেটে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে। 

বুধবার সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সিজু বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি শ্যামপুর-বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী সিজুর ভাষ্য অনুযায়ী, পারিবারিক একটি বিরোধের জেরে আনোয়ার, নূরুল ও রাজ্জাক হুজুর নামের কয়েকজন তাকে চাপাচাপি করে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে হাত-পা কেটে দেয়। তার পরিবারের অভিযোগ, হামলার আগে প্রায় তিন ঘণ্টা ধরে তাকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়।

স্থানীয়রা জানান, হামলার সময় ভয়াবহ দৃশ্য দেখলেও আতঙ্কে কেউ প্রতিবাদ করতে পারেনি। হামলাকারীরা সিজুকে মৃত ভেবে ফেলে রেখে চলে গেলে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, মামলার প্রেক্ষিতে শাহ আলম ও রাজ্জাক নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার অভিযোগ তুলে শুক্রবার বিকেলে শ্যামপুর চামাবাজারে মানববন্ধন করেছে জামায়াতের নেতাকর্মীরা। উপজেলা জামায়াতের আমীর সাদিকুল ইসলাম দাবি করেন, অভিযুক্তরা তাদের সংগঠনের কর্মী নন, তবে সমর্থক হতে পারে।