মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক ও বীর উত্তম এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার আর নেই
ঢাকা, ২০ ডিসেম্বর : মহান মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক, ‘কিলো ফ্লাইট’-এর কমান্ডার এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, বীর উত্তম বার্ধক্যজনিত কারণে আজ (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৬ বছর। খবরটি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন,
“আব্দুল করিম খন্দকার, যিনি এ কে খন্দকার নামেও পরিচিত, ছিলেন একজন প্রকৃত বীর ও সত্যিকারের দেশপ্রেমিক। মুক্তিবাহিনীর উপপ্রধান হিসেবে তিনি নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। যুদ্ধের পর তিনি বাংলাদেশ বিমান বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং জনজীবনে নানা দায়িত্ব পালন করেন। আল্লাহ তাকে জান্নাতে সুন্দর একটি স্থান দান করুন।”
১৯৭১ সালে পাকিস্তান বিমান বাহিনী থেকে বের হয়ে ভারতে যোগ দেন এ কে খন্দকার এবং মুজিবনগর সরকারের অধীনে মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও অপারেশনের দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশের প্রথম বিমান ইউনিট ‘কিলো ফ্লাইট’, যা সীমিত সম্পদ থাকা সত্ত্বেও শত্রুর বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে।
স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনী পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। বিমান বাহিনীর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি বাহিনীকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে উল্লেখযোগ্য অবদান রাখেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন। ২০১১ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক পান এবং তাঁর নামে ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটির নামকরণ করা হয়।
রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন এ কে খন্দকার। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা-২ (বেড়া–সুজানগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এ কে খন্দকার দুই ছেলে, এক কন্যা ও তিন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে গত ৮ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার সহধর্মিণী ফরিদা খন্দকার ইন্তেকাল করেন।
আজ দেশ একজন বীর মুক্তিযোদ্ধা, দক্ষ সামরিক নেতা ও প্রাজ্ঞ রাষ্ট্রনায়ককে হারালো। তাঁর অবদান ও নেতৃত্ব চিরস্মরণীয় থেকে যাবে।