এবার প্রবাসীরাও পাবেন ‘প্রবাসী কার্ড’: মন্ত্রী আরিফুল হক
সিলেট প্রতিনিধি:
প্রবাসীদের জন্য নতুন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার শিগগিরই চালু করতে যাচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড’। একই সঙ্গে প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে নেয়া হচ্ছে আধুনিক আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প। এমন ঘোষণা দিয়েছেন মন্ত্রী আরিফুল হক।
গত ১৬ মে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে অনুষ্ঠিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেটের সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদানের স্বীকৃতি দিতেই এ আয়োজন করা হয়।
আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ-সুবিধাসংবলিত প্রবাসী কার্ড আগামী দুই মাসের মধ্যে দেয়া হবে।
মন্ত্রী বলেন, দেশে জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। তাই ভবিষ্যতে প্লটনির্ভর প্রকল্পের পরিবর্তে অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। এসব আবাসনে থাকবে উন্নত নাগরিক সুবিধা, নিরাপত্তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ। তিনি জানান, প্রবাসীদের জন্য বিশেষভাবে বরাদ্দকৃত এ ধরনের আবাসন প্রকল্প সিলেট থেকেই শুরু হতে পারে। তিনি বলেন, ‘সেখানে শুধু প্রবাসীরাই বরাদ্দ পাবেন এবং প্রবাসীদের জন্য অ্যাপার্টমেন্টভিত্তিক এ আধুনিক আবাসন প্রকল্প সিলেট থেকেই শুরু হতে পারে।’
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং সরকার চায় প্রবাসীরা দেশে নিরাপদ বিনিয়োগের সুযোগ পান। শুধু অর্থ পাঠিয়েই নয়, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত হোক প্রবাসী সমাজ—এমন লক্ষ্য নিয়েই নতুন উদ্যোগ নেয়া হচ্ছে।
প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখার ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যেন মাতৃভূমির সঙ্গে সম্পর্ক হারিয়ে না ফেলে, সে জন্য পারিবারিক ও সাংস্কৃতিক বন্ধন জোরদার করা জরুরি। দেশে নিয়মিত আসা-যাওয়া ও বিনিয়োগের মাধ্যমে সেই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি মনে করেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রসঙ্গে আরিফুল হক জানান, প্রবাসীদের জন্য সেখানে আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় মেডিকেল সুবিধাসহ একটি মেডিকেল ইউনিট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেয়ার জন্য বিমানবন্দরে স্থায়ী অ্যাম্বুলেন্সও রাখা হবে।
এছাড়া বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে পরিবারের কাছে পৌঁছে দেয়ার সরকারি ব্যবস্থাও চালু হয়েছে বলে জানান তিনি।
সেমিনারে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও প্রবাসী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।