দেশে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে চালু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’
ঢাকা, ১৩ ডিসেম্বর : বাংলাদেশে জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট ও সন্ত্রাসী কার্যক্রম দমনের জন্য অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট-১’ শুরু করা হয়েছিল, যা সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য কার্যকর ছিল।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যারা নির্বাচনে অংশ নেবেন, তারা যদি আগ্নেয়াস্ত্র চান, তাদের লাইসেন্স দেওয়া হবে। এছাড়া নির্বাচনে অংশ নিতে যাওয়া যাদের আগ্নেয়াস্ত্র সরকারের কাছে জমা আছে, সেগুলো ফেরত দেওয়া হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা কেমন হবে—এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, “সরকার তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনকালীন শান্তি, স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করাই এই অপারেশনের মূল লক্ষ্য। এই অভিযান কার্যকরভাবে সম্পাদিত হলে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে।