তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল
ব্রিটেনের ১৩ শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
ভয়েস অব পিপল রিপোর্ট, ১২ নভেম্বর :
যুক্তরাজ্যের বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে গণহারে ইমেইল পাঠানোর ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডসহ যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের স্কুলগুলোকে লক্ষ্য করে এসব হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। শুধু স্কটল্যান্ডেই প্রায় ১ হাজার স্কুল এমন ইমেইল পেয়েছে। নর্দার্ন আয়ারল্যান্ডে একই ধরনের হুমকির ইমেইল পেয়েছে ৩০০টির বেশি স্কুল।
গত ১১ নভেম্বর সকাল থেকে স্কুলগুলোর ইমেইলে বোমা হামলার হুমকি আসতে শুরু করে। বার্তাগুলোতে স্কুল ভবনের ভেতরে বোমা রাখা হয়েছে বলে দাবি করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কটল্যান্ডের কয়েকটি এলাকায় স্কুল ভবন খালি করে শিক্ষার্থীদের বাইরে সরিয়ে নেওয়া হয়। কোথাও কোথাও সাময়িকভাবে পাঠদান বন্ধ রাখা হয়।
তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এসব হুমকির কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি পাওয়া যায়নি। ঘটনাগুলোকে পরিকল্পিত ভুয়া হুমকি বা ‘হোক্স’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্কটল্যান্ড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল মার্ক সাদারল্যান্ড জানিয়েছেন, প্রায় এক হাজার স্কুলে পাঠানো বার্তাগুলোতে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। জনসাধারণের জন্য বৃহত্তর কোনো হুমকির প্রমাণও পাওয়া যায়নি।
নর্দার্ন আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই) জানিয়েছে, তাদের কাছে ৩০০টির বেশি স্কুল থেকে একই ধরনের হুমকির খবর এসেছে। ইমেইলগুলো যুক্তরাজ্যের বাইরে থেকে পাঠানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। পুলিশ পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত চালাচ্ছে।
স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, শুধু এসব ইমেইলের ভিত্তিতে স্কুল বন্ধ রাখা বা শিক্ষার্থীদের বাড়িতে আটকে রাখার প্রয়োজন নেই। তবে ইমেইলগুলোর উৎস শনাক্ত করতে পুলিশের সাইবার ও জালিয়াতি বিভাগ কাজ করছে। এ ঘটনায় যুক্তরাজ্য ও আন্তর্জাতিক পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।
উল্লেখ্য, একই ধরনের হুমকিতে ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুলও ইমেইল পেয়েছে। দেশটির কয়েকশ স্কুল সতর্কতামূলকভাবে খালি করা হয়েছিল। ফলে ঘটনাটি শুধু ব্রিটেনের মধ্যে সীমাবদ্ধ নয়; ইউরোপের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানও একই ধরনের হুমকির মুখে পড়েছে।
পুলিশের ধারণা, এসব বার্তার উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি, শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটানো এবং জনমনে বিভ্রান্তি ছড়ানো। তবে কারা এর পেছনে রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে।