ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

সন্তান নেই কাছে, তাই নাতি নেই পাছে, কিন্তু ভাড়া দিলে আছে!

সন্তান নেই কাছে, তাই নাতি নেই পাছে, কিন্তু ভাড়া দিলে আছে!

বিচিত্র খবর ডেস্ক, ১৩ নভেম্বর:

নিজের নাতি-নাতনি দূরে থাকে। কেউ আমেরিকায়, কেউ অন্য দেশে। তাই বাজারে যাওয়া, হাসপাতালে চিকিৎসকের সঙ্গে কথা বলা কিংবা একটু গল্প করার জন্যও সব সময় আপনজনকে পাওয়া যায় না। তবে ভারতের গুরুগ্রামে এক প্রবীণ দম্পতির সেই সমস্যা কিছুটা মিটেছে। তাঁরা পেয়েছেন একজন নাতি, যদিও রক্তের সম্পর্কের নয়, টাকার বিনিময়ে পাওয়া!

২৬ বছর বয়সী রনি রাজু। পেশায় তিনি একজন সঙ্গদাতা বা ‘ভাড়া করা নাতি’। গুরুগ্রামের আশির কোঠায় থাকা সুনীল বুধিরাজা ও তাঁর স্ত্রীর সঙ্গে সময় কাটানোই তাঁর কাজ। স্ত্রীকে নিয়ে বাজারে যাওয়া থেকে শুরু করে হাসপাতালে চিকিৎসার সময় পাশে থাকা, ওষুধের খোঁজ রাখা, গল্প করা—সবই করেন রাজু। এমনকি অফিসের নির্ধারিত সময় শেষ হলেও ফোন করে তাঁদের খোঁজ নেন।

মজার বিষয় হলো, এই নাতির জন্য দাদু-দিদাকে মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করতে হয়। সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে মাসে ১০ ঘণ্টা সঙ্গ পেতে ঘণ্টাপ্রতি ৪৫০ রুপি এবং ২৫ ঘণ্টা পেতে ঘণ্টাপ্রতি ৪০০ রুপি দিতে হয়। অব্যবহৃত সময় আবার পরের মাসেও ব্যবহার করা যায়। অনেকটা মোবাইল ফোনের মিনিট কেনার মতোই!

তবে বিষয়টি শুধু ব্যবসা নয়, এর পেছনে রয়েছে এক গভীর সামাজিক বাস্তবতা। বুধিরাজা দম্পতির দুই মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। সন্তানদের নিজেদের জীবন ও কাজ রয়েছে। ফলে বৃদ্ধ বয়সে মা-বাবার পাশে সব সময় থাকা তাঁদের পক্ষে সম্ভব হয় না। সেই শূন্যতা কিছুটা পূরণ করছেন রাজু।

বুধিরাজা বলেন, শুরু থেকেই রাজুর সঙ্গে তাঁর স্বাচ্ছন্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। রাজুও তাঁদের নিজের পরিবারের সদস্য মনে করেন। এমনকি অস্ত্রোপচারের সময় হাসপাতালে থেকে চিকিৎসক ও ওষুধের খোঁজখবরও রেখেছেন।

ভারতের বিভিন্ন শহরে এখন এ ধরনের প্রতিষ্ঠান বাড়ছে। কোথাও তরুণেরা প্রবীণদের সঙ্গে তাস খেলেন, সিনেমা দেখতে যান, পার্কে ঘোরেন, আবার কেউ উপাসনালয়ে নিয়ে যান। কেউ বলছেন ‘ভাড়া করা সন্তান’, কেউ বলছেন ‘ভাড়া করা নাতি-নাতনি’।

ভারতে ২০২২ সালে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল মোট জনসংখ্যার ১০ দশমিক ৫ শতাংশ। ২০৫০ সালের মধ্যে তা বেড়ে ২১ শতাংশ হতে পারে। সে সময় প্রায় ৩৪ কোটি ৭০ লাখ প্রবীণ মানুষের বিশেষায়িত সেবার প্রয়োজন হতে পারে।

পরিসংখ্যান বলছে, প্রবীণদের নিঃসঙ্গতাও বড় সমস্যা। ভারতের একটি জাতীয় জরিপে দেখা গেছে, মধ্যবয়সী ও প্রবীণদের ২০ দশমিক ৫ শতাংশ মাঝারি মাত্রার এবং ১৩ দশমিক ৩ শতাংশ তীব্র নিঃসঙ্গতায় ভুগছেন। একা বসবাসকারী ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে এ সমস্যা আরও বেশি।

এ ধরনের কাজে যুক্ত একজন সঙ্গদাতা বিনয় কুমারের অভিজ্ঞতাও বেশ আবেগঘন। শুরুতে এক প্রবীণ গ্রাহক তাঁর মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলেন। ভাষাগত সমস্যার কারণে তাঁকে বিশ্বাস করতে পারেননি। অথচ পরে সেই ব্যক্তিই কুমারকে গাড়ি চালানো শেখার খরচ দিয়েছেন। পরিচিতদের কাছে তাঁকে পরিচয় করিয়ে দিতেন ‘ঈশ্বরের পক্ষ থেকে দেওয়া ছেলে’ বলে। ২০২৩ সালে ওই প্রবীণ মারা গেলে তাঁর শেষকৃত্যের সময়ও পাশে থাকতে হয়েছিল কুমারকে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সঙ্গদাতা মানেই চিকিৎসক বা মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ নন। তাঁদের কাজ মূলত প্রবীণদের পাশে থাকা, কথা শোনা এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সহযোগিতা করা।

গুরুগ্রামের বুধিরাজাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, পরদিন রাজু কাজে না এলে তাঁর কেমন লাগবে, তখন তাঁর উত্তর ছিল বেশ মজার। তিনি বলেন, কেন আসতে পারেনি, তা খোঁজ নিয়ে নিশ্চিত করবেন যেন সে আসে। কারণ, তাঁর রাজুকে প্রয়োজন।

শেষ কথাটিই হয়তো এই পুরো ঘটনার সবচেয়ে বড় মানবিক বার্তা। বয়স বাড়লে মানুষের শুধু ওষুধ, খাবার কিংবা চিকিৎসার প্রয়োজন হয় না; প্রয়োজন হয় একজন মন দিয়ে কথা শোনার মানুষেরও।

নাতি ভাড়া পাওয়া যাচ্ছে—শুনতে বিষয়টি হাস্যকর মনে হতে পারে। কিন্তু একটু ভাবলে বোঝা যায়, যে সমাজে আপনজনের সঙ্গও অর্থের বিনিময়ে কিনতে হচ্ছে, সেখানে সমস্যাটা শুধু ব্যবসায়ীদের নয়, আমাদের পারিবারিক ও সামাজিক সম্পর্কেরও।

হয়তো একদিন এমন বিজ্ঞাপনও দেখা যাবে—‘দাদু-দিদার জন্য আদরের নাতি চাই!’ তবে বিজ্ঞাপনের প্রয়োজন না হলে সবচেয়ে ভালো হয়। কারণ, বৃদ্ধ বয়সে মা-বাবার একটু সময় ও সঙ্গ দেওয়ার দায়িত্বটা কোনো প্রতিষ্ঠানের নয়, আমাদের সবার।