‘‘গল্পকাররা বিশ্ব শাসন করে’’
নির্ঝর এর ঝরঝরে অনুগল্প ।। ৫৭ ।। নাম তার হাসি, জীবনটা কান্নার
।। নাম তার হাসি, জীবনটা কান্নার।।
উৎসর্গ:
পৃথিবীর সেই সব সংগ্রামী মায়ের প্রতি,
যাঁরা নিজের চোখের জল লুকিয়ে সন্তানের মুখে হাসি ফোটাতে প্রতিদিন জীবনযুদ্ধ করে চলেছেন।

বাংলাদেশের রাজধানী ঢাকা। কারো কাছে স্বপ্নের শহর। কারো কাছে স্বপ্ন ভঙ্গের শহর। আর হাসিদের কাছে বেঁচে থাকার শেষ আশ্রয়। এই ঢাকা মহানগরের ধানমন্ডি লেকের পাশে বসে বীণা আক্তার হাসি টুকরির জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলেন। প্লাস্টিকের খেলনা, চুলের ক্লিপ, গোল টুপি—সব মিলিয়ে সামান্য কিছু পণ্য। পাশে বসে আছে ১৩ বছরের ছেলে হাসান। পাঁচ বছরের মেয়ে মারিয়াম তখন মায়ের কোলে থাকা বিড়ালছানাটিকে নিয়ে খেলছে।
—মা, আজ কত টাকা বিক্রি হইছে?
হাসি ছেলের দিকে তাকিয়ে মৃদু হাসলেন।
—হইব বাবা, আরেকটু ঘুরলে হয়তো হইব।
হাসান আর কিছু বলল না। সে জানে, মায়ের এই 'হয়তো' শব্দটার ভেতরেই তাদের সংসারের অনেক হিসাব লুকিয়ে আছে।
হাসির বয়স ৩০। অথচ জীবনের কাছে তাঁর বয়স যেন অনেক বেশি। চার বছর বয়সে অন্যের বাড়িতে কাজ শুরু করেছিলেন। একদিন মাকে খুঁজতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন। নিজের নামটাও ভুলে গিয়েছিলেন প্রায়। পুরান ঢাকার এক শিক্ষক তাঁর নাম রেখেছিলেন 'হাসি'। নামটি যে তাঁর জীবনের সঙ্গে এতটা বেমানান হয়ে উঠবে, তখন কি আর জানতেন!
কামরাঙ্গীরচরে আশ্রয় পাওয়ার পর প্লাস্টিক কারখানায় কাজ করেছিলেন। পরে বিল্লাল নামের এক এতিম বৈদ্যুতিক মিস্ত্রির সঙ্গে বিয়ে হয়। সংসারটা ভালোই চলছিল। মনে হয়েছিল, এবার বুঝি জীবনের দুঃখ শেষ হলো।
কিন্তু একদিন বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিল্লাল আর বাড়ি ফিরলেন না।
তখন হাসানের বয়স সাত বছর। মারিয়ামের মাত্র দেড় মাস।
সেই থেকে আবার শুরু হলো যুদ্ধ। কখনো বাসাবাড়িতে কাজ, কখনো নির্মাণশ্রমিক, কখনো ফ্লাস্কে চা বিক্রি। করোনায় কারখানা বন্ধ হয়ে গেলে শেষ আশ্রয়টুকুও হারালেন। একদিন চকবাজার থেকে তিনশ টাকার লুছনি আর মাজুনি কিনে ছেলেকে নিয়ে রাস্তায় নামলেন।
ছেলেটিও মায়ের সঙ্গে হাঁটতে শিখল। শুধু হাঁটা নয়, সংসারের বোঝা বহন করতেও শিখল।
—মা, মারিয়াম বড় হইলে কি স্কুলে যাইব?
হাসি মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন,
—যাইব বাবা। তুইও পড়বি, তোর বোনও পড়ব। তোরা আমার মতো মানুষের বাসায় কাজ করবি না।
কথাটা বলেই তিনি একটু চুপ করলেন। কারণ, সন্তানদের স্বপ্ন দেখানোর সামর্থ্য তাঁর আছে, কিন্তু সেই স্বপ্ন পূরণের নিশ্চয়তা নেই।
এ মাসে ঘরভাড়া চার হাজার টাকা হয়েছে। আগের মাসের ভাড়াও বাকি। শরীরটাও ভালো যাচ্ছে না। আগের মতো হাঁটতে পারেন না। দিনে তিনশ টাকার পণ্য বিক্রি হলেও লাভ কতটুকু থাকে, সেই হিসাব হাসি ছাড়া আর কেউ জানে না।
হঠাৎ মারিয়াম মায়ের আঁচল টেনে বলল,
—মা, বাসায় গেলে ভাত খামু?
হাসি মেয়ের মুখের দিকে তাকালেন।
—খাবি মা, তোর জন্য রান্না করুম।
মেয়েটি নিশ্চিন্তে আবার বিড়ালছানাটির সঙ্গে খেলতে শুরু করল।
হাসি টুকরিটি মাথায় তুলে দাঁড়ালেন। হাসানও উঠে দাঁড়াল। ধানমন্ডি ২৮ নম্বরের দিকে হাঁটতে শুরু করল মা-ছেলে।
পথের মানুষ হয়তো তাঁদের দেখবে, কেউ খেলনা কিনবে, কেউ পাশ কাটিয়ে চলে যাবে। কেউ হয়তো দু-এক টাকা বেশি দিয়ে বলবে, বাচ্চাদের জন্য কিছু কিনে নিও।
কিন্তু কেউ কি জানবে, এই ছোট্ট টুকরির প্রতিটি পণ্যের সঙ্গে একজন মায়ের কতগুলো স্বপ্ন ফেরি হচ্ছে?
হাসির নিজের জন্য কোনো চাওয়া নেই। শুধু চান, তাঁর সন্তানদের শৈশবটা যেন তাঁর মতো হারিয়ে না যায়।
নাম তাঁর হাসি। জীবনে হাসার উপলক্ষ খুব কম। তবু প্রতিদিন সন্তানদের মুখের দিকে তাকিয়ে তিনি হাসেন। কারণ, তাঁর কাছে হেরে যাওয়ার অর্থ শুধু নিজের জীবন নয়, দুটি শিশুর ভবিষ্যৎও।
আর সেই ভবিষ্যৎ বাঁচিয়ে রাখতেই প্রতিদিন ধানমন্ডির পথে পথে হাঁটেন এক মা—টুকরিভরা স্বপ্ন মাথায় নিয়ে।
কিন্তু হাসির মতো নারীদের জীবনের কান্না আর কত দীর্ঘ হবে? রাষ্ট্র ও সমাজের সামর্থ্যবান মানুষ কি তাঁদের পাশে দাঁড়াতে পারেন না? একটু সহযোগিতা, কর্মসংস্থান ও সন্তানদের শিক্ষার সুযোগ হয়তো বদলে দিতে পারে তাঁদের জীবন।
হাসির মতো নারীদের জীবনটা কখন, কবে হাসিতে ভরে উঠবে ম্বাভাবিক আর দশজন নারীদের মতন?
লন্ডন, ১১ নভেম্বর ২০২৬