ফাইনালে অনলাইন ওয়ারিয়র্সকে ৩৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন, সেরা জাফর নিয়াজ
এলবিপিসি ক্রিকেটে শিরোপা বিবিটি সিডাব্লিউ মিডিয়ার
কমিউনিটি ডেস্ক. ৯ সেপ্টেম্বর:
ব্যাট হাতে ১১৬ রান, এরপর প্রতিপক্ষকে আটকে দিল মাত্র ৭৮ রানে। ৩৮ রানের দাপুটে জয় নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের (এলবিপিসি) ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শিরোপা জিতে নিয়েছে বিবিটি সিডাব্লিউ মিডিয়া। ফাইনালে রানার আপ হয়েছে অনলাইন ওয়ারিয়র্স এবং টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে চ্যানেল এস।
৩০ আগস্ট, রবিবার ইলফোর্ডের গুডমেইজ ক্রিকেট গ্রাউন্ডে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় মিলনমেলা ও প্রতিদ্বন্দ্বিতার এক প্রাণবন্ত আসরে। মাঠের খেলোয়াড়দের নৈপুণ্য ও টানটান লড়াই দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করে।

ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিবিটি সিডাব্লিউ মিডিয়া। ৮ ওভারে তারা সংগ্রহ করে ১১৬ রান। জয়ের জন্য ১১৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে অনলাইন ওয়ারিয়র্স। ফলে বাড়তে থাকে প্রয়োজনীয় রানরেটের চাপ। শেষ পর্যন্ত ৮ ওভারে ৭৮ রানেই থামে তাদের ইনিংস।
ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জাফর নিয়াজ। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন এখলাছুর রহমান পাক্কু এবং সেরা বোলার হয়েছেন আতিকুর রহমান।
খেলা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আকরামুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের ট্রেজারার আব্দুল হান্নান।
টুর্নামেন্টের স্পন্সর এক্সেল টিউটরের পক্ষে বক্তব্য দেন আনিসুজ্জামান। প্রিন্ট ল্যাবের পক্ষে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সদস্য ওমর ফারুক এবং একতা একাডেমির পক্ষে বক্তব্য দেন মিজান রহমান। এছাড়া ফিস্ট এন্ড মিস্টি, ফুডবাজার, কিলার উইলিয়াম ও রমফোর্ড রাইডার্স টুর্নামেন্টে স্পন্সর হিসেবে সহযোগিতা করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, কর্মকর্তা, অতিথি, স্পন্সর এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ক্লাব সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী।
তিনি বলেন, নতুন কমিটির নেতৃত্বে ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত রাখতে ক্লাব সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে পরবর্তী টুর্নামেন্টে আরও বেশি দলকে অংশ নেওয়ার আহ্বান জানান।
ব্যারিস্টার তারেক চৌধুরী বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্লাব সেক্রেটারি আকরামুল হোসাইন টুর্নামেন্টের সাব-কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দূর-দূরান্ত থেকে ক্লাব সদস্যরা টুর্নামেন্টে অংশ নিতে এসেছেন, যা ক্রিকেটের প্রতি তাদের আগ্রহের বহিঃপ্রকাশ। টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য তিনি এক্সিকিউটিভ কমিটির সদস্যদেরও ধন্যবাদ জানান।
ক্লাব ট্রেজারার আব্দুল হান্নান সব স্পন্সরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ব্যয়বহুল এই ক্রিকেট টুর্নামেন্ট স্পন্সরদের সহযোগিতা ছাড়া সফলভাবে আয়োজন করা চ্যালেঞ্জিং ছিল। সবার সহযোগিতায় টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এখলাছুর রহমান পাক্কু, ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি আলাউর রহমান খান, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ এবং নির্বাহী সদস্য সারওয়ার হোসাইন, শাহিদুর রহমান সুহেল ও লোকমান হোসেন কাজী।