মাদুরো আটক নিয়ে মার্কিন জনমত বিভক্ত, অভিযানে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

মাদুরো আটক নিয়ে মার্কিন জনমত বিভক্ত, অভিযানে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

বিশ্ব সংবাদ ডেস্ক, ৭ জানুয়ারি :  ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনায় মার্কিন জনমত প্রায় সমানভাবে বিভক্ত হয়ে পড়েছে। রয়টার্স–ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৩৩ শতাংশ মার্কিনি এই অভিযানের পক্ষে থাকলেও ৩৪ শতাংশ এর বিরোধিতা করেছেন। আর ৩২ শতাংশ এ বিষয়ে কোনো অবস্থান নেননি।

জরিপে উঠে এসেছে, রিপাবলিকান সমর্থকদের মধ্যে ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পক্ষে সমর্থন বেশি। অভিযানের পক্ষে থাকা উত্তরদাতাদের মধ্যে ৬৫ শতাংশ রিপাবলিকান, ১১ শতাংশ ডেমোক্র্যাট এবং ২৩ শতাংশ কোনো রাজনৈতিক দলের সমর্থক নন।

তবে মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলা পরিচালনায় ওয়াশিংটনের সরাসরি ভূমিকার বিষয়ে অধিকাংশ মার্কিনি অনাগ্রহী। জরিপ অনুযায়ী, ৪৩ শতাংশ চান না যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সময়ে ভেনেজুয়েলা শাসন করুক, যেখানে ৩৪ শতাংশ এ ধারণাকে সমর্থন করেছেন। একইভাবে, ভেনেজুয়েলায় মার্কিন সেনা মোতায়েন ও দেশটির তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়েও বেশির ভাগ মার্কিনি বিরোধিতা করেছেন।

এদিকে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির লঙ্ঘন বলে মন্তব্য করেছে। সংস্থাটির মানবাধিকার দপ্তর জানিয়েছে, একতরফা সামরিক হস্তক্ষেপের মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করা যায় না; বরং এতে অস্থিরতা ও অতিরিক্ত সামরিকীকরণের ঝুঁকি বাড়ে।

চীনও মাদুরোর বিচারকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে এবং বিষয়টি আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছে।

মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের আদালতে ‘মাদক সন্ত্রাস’সহ একাধিক অভিযোগের মুখোমুখি। তিনি সব অভিযোগ অস্বীকার করে নিজেকে অপহরণের শিকার বলে দাবি করেছেন এবং বলেছেন, তিনি এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট।