ফিলিস্তিন সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেটা থুনবার্গকে লন্ডনে গ্রেফতার

ফিলিস্তিন সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ায় সন্ত্রাসবিরোধী আইনে  গ্রেটা থুনবার্গকে লন্ডনে গ্রেফতার

লন্ডন, ২৩ ডিসেম্বর:  যুক্তরাজ্যে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত এক বিক্ষোভে অংশ নেওয়ায় সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গ্রেপ্তারের সময় তিনি একটি প্ল্যাকার্ড হাতে ধরেছিলেন, যাতে লেখা ছিল, ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধীতা করি’।

বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন, থুনবার্গকে যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আটক করা হয়েছে এবং শুধু এই প্ল্যাকার্ড প্রদর্শনের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

থুনবার্গ বিক্ষোভে অংশ নিয়েছিলেন অ্যাসপেন ইনসিওরেন্স-এর দপ্তরের বাইরে, যেখানে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমে জড়িত। লন্ডন সিটি পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী এক তরুণীকে নিষিদ্ধ সংগঠনের প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, “২২ বছর বয়সী এক নারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিষিদ্ধ ঘোষিত প্যালেস্টাইন অ্যাকশন সংস্থার পক্ষে সমর্থনসূচক প্ল্যাকার্ড প্রদর্শনের কারণে সন্ত্রাসবিরোধী আইন ২০০০-এর ধারা ১৩ অনুযায়ী গ্রেপ্তার হয়েছেন।”

গত জুলাই থেকে যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করা হয়েছে। এর পর থেকে এই গ্রুপের সমর্থনে কয়েকশ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।