বাংলাদেশ সংবাদ

একদিনে হঠাৎ করে ঢাকার ১০ এলাকায় ককটেল বিস্ফোরণ, যাত্রাবাড়ীতে রিকশাচালক আহত

একদিনে হঠাৎ করে ঢাকার ১০ এলাকায় ককটেল বিস্ফোরণ, যাত্রাবাড়ীতে রিকশাচালক আহত

বাংলাদেশ প্রতিনিধি, ১৯ সেপ্টেম্বর:

ঢাকার বিভিন্ন এলাকায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান, মগবাজার, মৌচাক ও রামপুরায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব ঘটনায় যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হয়েছেন। একই রাতে কাফরুলে একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এদিকে, রাজধানীর তেজগাঁও কলেজের একটি মসজিদ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর মসজিদতে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

কাকতালীয়ভাবে, একই দিনে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে জুমার নামাজের আগে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনের বেশি।

১৮ সেপ্টেম্বর জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন এলাকায় প্রথমে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ফ্লাইওভার থেকে ককটেল ছোড়া হয়ে থাকতে পারে। ঘটনাটি তদন্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

সন্ধ্যার দিকে মহাখালী আমতলী মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল থেকে ককটেলটি ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কেউ হতাহত হননি।

আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এখানে তথ্যের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। কিছু প্রতিবেদনে এটিকে ককটেল বিস্ফোরণ বলা হলেও শেরেবাংলা নগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ককটেলের খোসা বা বিস্ফোরণের নমুনা পাওয়া যায়নি; পটকা জাতীয় কিছু বিস্ফোরণ বা অন্য কোনো শব্দও হতে পারে বলে তারা ধারণা করছে।

সবচেয়ে বেশি বিস্ফোরণের ঘটনা ঘটে যাত্রাবাড়ীতে। সন্ধ্যা প্রায় ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে এবং থানার ভেতরে একাধিক ককটেল বিস্ফোরিত হয়। ডিএমপির কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, থানার প্রধান ফটকের সামনে চার থেকে পাঁচটি এবং থানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলগুলো হানিফ ফ্লাইওভার থেকে ছোড়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

যাত্রাবাড়ীর ঘটনায় ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন বলে সমকাল জানিয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে অন্য একটি পুলিশি বক্তব্যে হতাহতের কথা অস্বীকার করা হয়েছে। ফলে আহতের বিষয়টি নিয়ে প্রতিবেদনভেদে কিছুটা পার্থক্য রয়েছে।

রাতের দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের কাছে এবং মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এ ছাড়া বঙ্গবাজার, গুলিস্তান ও মৌচাক এলাকাতেও বিস্ফোরণের তথ্য পাওয়া যায়। সর্বশেষ রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের খবর আসে।

ইসলাম টাওয়ারের গেটের সামনে (রামপুরা থেকে হাতিরঝিলে প্রবেশ করার মুখে) বিস্ফোরণ হয় এবং আর অপরটি ইসলাম টাওয়ারের পাশে পার্কিং করে রাখা একটি প্রাইভেট কারের উপর বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের জায়গা ও আলামত সংগ্রহ করেন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে নিউমার্কেট থানাধীন ‎জাহান ম্যানশন সংলগ্ন মিরপুর রোড এলাকায় দুষ্কৃতিকারী কর্তৃক একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। 

এদিকে রাত ১০টা ১৪ মিনিটের দিকে কাফরুল থানার কাছে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন কীভাবে লেগেছে, তা তদন্ত করছে পুলিশ।

একই দিনে ককটেল ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। সংশ্লিষ্ট থানা ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলের তথ্য, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য আলামত যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছেন।

এর কয়েক দিন আগেও রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ১৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও সুপ্রিম কোর্টের আশপাশে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ফলে অল্প সময়ের ব্যবধানে রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।