বার্মিংহামে স্ত্রীকে ফুটন্ত তেল দিয়ে ঝলসে হত্যাচেষ্টা—বাংলাদেশি বংশোদ্ভূতের ২৬ বছরের কারাদণ্ড
লন্ডন, ২৬ এপ্রিল: যুক্তরাজ্যের বার্মিংহামে স্ত্রীকে ফুটন্ত গরম তেল ঢেলে গুরুতরভাবে ঝলসে দিয়ে হত্যার চেষ্টার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তিকে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বার্মিংহাম ক্রাউন কোর্টে শুনানি শেষে বিচারক Richard Bond রায় ঘোষণা করেন। আদালত জানায়, এটি ছিল পরিকল্পিত ও নৃশংস হামলা, কোনোভাবেই দুর্ঘটনা নয়।

রাজু মোল্লা
আদালত সূত্রে জানা যায়, ৫০ বছর বয়সী রাজু মোল্লা তার স্ত্রী মোসাম্মৎ মমতাজের সঙ্গে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে ছিলেন। এর আগে তিনি বাংলাদেশে নিজের একটি সম্পত্তি স্ত্রীর নামে লিখে দিলেও, ২০২৪ সালের ডিসেম্বরে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন দেখা দিলে তিনি বিবাহবিচ্ছেদ দাবি করেন এবং সম্পত্তি ফেরত চান। কিন্তু মমতাজ তা প্রত্যাখ্যান করলে বিরোধ চরম আকার ধারণ করে।
২০২৫ সালের ১২ জানুয়ারি সন্ধ্যায় বার্মিংহামের স্মল হিথ এলাকার হিদার রোডের বাসায় এ ঘটনা ঘটে। সে সময় অসুস্থ অবস্থায় রান্নাঘরে কাজ করছিলেন মমতাজ। অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পনা অনুযায়ী একটি পাত্রে তেল ফুটিয়ে রেখে রাজু মোল্লা তা হঠাৎ করে স্ত্রীর মাথায় ঢেলে দেন। এরপর একটি গরম ফ্রাইপ্যান মুখে চেপে ধরেন।
আদালতে বলা হয়, হামলার সময় ভুক্তভোগীর মুখ চেপে ধরে তাকে চিৎকার করতে বাধা দেওয়া হয় এবং জ্ঞান হারানোর পরও শারীরিকভাবে নির্যাতন চালানো হয়। এতে তার মুখমণ্ডল মারাত্মকভাবে দগ্ধ হয় এবং স্থায়ী বিকৃতি সৃষ্টি হয়েছে।
বিচারক এই হামলাকে অত্যন্ত নিষ্ঠুর উল্লেখ করে বলেন, এটি ছিল ভুক্তভোগীর চেহারা স্থায়ীভাবে নষ্ট করার উদ্দেশ্যে চালানো আক্রমণ।
শুনানিতে আরও উঠে আসে, কারাগারে থাকা অবস্থায় রাজু মোল্লা ভুক্তভোগীকে চিঠি লিখে সাক্ষ্য প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগের চেষ্টা করেন।
আদালত ২৬ বছরের কারাদণ্ড ঘোষণা করে জানায়, এর মধ্যে অন্তত ১৭ বছর ৪ মাস কারাভোগের পর তিনি প্যারোলে মুক্তির আবেদন করতে পারবেন। একই সঙ্গে ভুক্তভোগী ও তার সন্তানদের সুরক্ষায় তার বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই ঘটনায় গুরুতর শারীরিক ক্ষতির পাশাপাশি ভুক্তভোগী সামাজিক ও মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলে আদালতে উল্লেখ করা হয়।