বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে উঠে এসেছে
ভয়েস অব পিপল ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো লাইভ ব্লগ ও তাৎক্ষণিক আপডেটের মাধ্যমে নির্বাচন পরিস্থিতি ও ফলাফল প্রচার করছে। বিশেষ করে শেখ হাসিনা-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই নির্বাচনকে অনেকেই দেশের গণতান্ত্রিক ধারার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স শিরোনামে প্রকাশ করেছে, ‘Bangladesh votes in landmark election after 2024 youth-led uprising’। প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্বাচন তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা নতুন রাজনৈতিক বাস্তবতায় ভোটারদের অংশগ্রহণকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম BBC বিএনপির জয়কে তারেক রহমানের প্রত্যাবর্তন হিসেবে বিশ্লেষণ করেছে। তাদের লাইভ আপডেটে শিরোনাম ছিল—বাংলাদেশে ভোট গণনায় এগিয়ে বিএনপি, দ্বিতীয় স্থানে জামায়াতে ইসলামী। নির্বাচন-পরবর্তী বাংলাদেশের জননিরাপত্তা, অর্থনীতি ও রাজনৈতিক প্রত্যাশা নিয়েও ধারাবাহিক বিশ্লেষণ প্রকাশ করছে গণমাধ্যমটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera তাদের লাইভ সম্প্রচারের শিরোনাম দিয়েছে, ‘নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা দাবি বিএনপির, সরকার গঠনের প্রস্তুতি’। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও প্রাথমিক ফলাফলকে তারা বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে অভিহিত করেছে। আলজাজিরা শিরোনাম করেছে, ‘Bangladesh votes in first election since 2024 ousting of Hasina’। প্রতিবেদনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, রাজনৈতিক পরিবর্তনের দীর্ঘ প্রক্রিয়া এবং ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরা হয়েছে। কুয়েত টাইমস তরুণ ভোটারদের উৎসাহ ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে যে, দীর্ঘ এক দশকের পর এটি অনেকের জন্য প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। আল–জাজিরা তাদের খবরে আরও বলেছে, ‘জামায়াত ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।’
আরেক ব্রিটিশ দৈনিক The Guardian ‘হাসিনার উৎখাতের পর ঐতিহাসিক প্রথম নির্বাচনে বিএনপির জয় দাবি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বর্ণনা করা হয়েছে।
ডয়চেভেলে তাদের প্রতিবেদনে লিখেছে,‘Bangladesh election 2026: Poll opens in democracy test’। তারা এই নির্বাচনকে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছে এবং স্বচ্ছতা, অংশগ্রহণ ও বিশ্বাসযোগ্যতার প্রশ্নকে সামনে এনেছে।
ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।’ ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে আরও বলা হয়, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’
ভারতের গণমাধ্যমেও নির্বাচনের ফল গুরুত্ব পেয়েছে। NDTV তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিজয়কে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে তুলে ধরেছে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা নেতার নেতৃত্বে দলের এগিয়ে যাওয়াকে তারা বিশেষভাবে উল্লেখ করেছে। ভারতের আরেক প্রভাবশালী দৈনিক Anandabazar Patrika শিরোনাম করেছে—‘ব্যবধান বাড়াচ্ছে বিএনপি, দুই আসনেই জয়ী তারেক, তবে হচ্ছে না কোনো বিজয়মিছিল! গণনা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি জামায়াতের।’

আনন্দবাজার লিখেছে, শুক্রবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে তারেককে ‘উষ্ণ অভিনন্দন’ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, “বিএনপি-র বড় জয়ে নেতৃত্বে দেওয়ার জন্য তারিক রহমানকে আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।”
এদিকে, তারেক রহমানকে জয়ের অভিনন্দন জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দিয়েছেন তিনি। বার্তা এসেছে পাক প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারির কাছ থেকেও।

এছাড়া মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমেও বাংলাদেশের নির্বাচন ও ফলাফল প্রধান প্রতিবেদনে স্থান পেয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি এখন চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়ার দিকে। বিশ্লেষকদের মতে, এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করতে পারে।