নবীগঞ্জে অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সম্মাননা
সিলেট প্রতিনিধি: নবীগঞ্জ পৌরসভার সাবেক প্রথম মেয়র, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করেছে লাল-সবুজ সাইক্লিং ক্লাব, নবীগঞ্জ।
শনিবার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা, সমাজসেবা এবং নবীগঞ্জ পৌরসভার উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ক্লাবের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী একজন সৎ, দক্ষ ও জনবান্ধব ব্যক্তিত্ব। শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান নবীগঞ্জবাসীর কাছে প্রশংসিত। তাঁর কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
সম্মাননা গ্রহণ করে অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী লাল-সবুজ সাইক্লিং ক্লাবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যুবসমাজকে খেলাধুলা, ভ্রমণ, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। এর মাধ্যমেই একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, ক্লাবের সাধারণ সম্পাদক মোজাহিদ আহমদ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার রশীদ বুলবুল, কাউসার আহমেদ, সৌমিক ও মুন্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের এক পর্যায়ে অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।