যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর নতুন র‌্যাংকিং প্রকাশ

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর নতুন র‌্যাংকিং প্রকাশ

লন্ডন, ২৮ জুন: যুক্তরাজ্যের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বহুল আলোচিত গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড ২০২৬ প্রকাশিত হয়েছে। এবারের র‌্যাংকিংয়ে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রেখেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে সেন্ট অ্যান্ড্রুজ এবং তৃতীয় স্থানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। শিক্ষার মান, শিক্ষার্থীদের সন্তুষ্টি, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, শিক্ষা খাতে ব্যয় এবং স্নাতকদের কর্মসংস্থানের সম্ভাবনাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।

প্রকাশিত তালিকায় দেখা যায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ১০০-এর মধ্যে পূর্ণ ১০০ স্কোর পেয়ে আবারও শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সেন্ট অ্যান্ড্রুজ অর্জন করেছে ৯৮.৪ স্কোর এবং কেমব্রিজ পেয়েছে ৯৪.৬। চতুর্থ স্থানে রয়েছে লন্ডন স্কুল অব ইকোনমিকস (LSE)

এবারের র‌্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছে ডারহাম বিশ্ববিদ্যালয়, যা পঞ্চম স্থানে উঠে এসেছে। অন্যদিকে গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমেছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন। সপ্তম স্থানে রয়েছে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়, অষ্টম স্থানে বাথ বিশ্ববিদ্যালয়, নবম স্থানে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন এবং দশম স্থানে রয়েছে ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL)

তালিকায় সবচেয়ে আলোচিত অগ্রগতিগুলোর একটি এসেছে এসেক্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। গত বছরের ২৩তম অবস্থান থেকে এবার তারা উঠে এসেছে ১২তম স্থানে। একইভাবে নটিংহ্যাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয় ৪৯তম স্থান থেকে ২৫তম স্থানে উঠে বড় ধরনের অগ্রগতি দেখিয়েছে। এছাড়া ডান্ডি, সান্ডারল্যান্ড, হেরিয়ট-ওয়াট, ম্যানচেস্টার মেট্রোপলিটন, ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন এবং ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার-ও উল্লেখযোগ্য উন্নতি করেছে।

অন্যদিকে কয়েকটি সুপরিচিত বিশ্ববিদ্যালয়ের অবস্থান আগের তুলনায় কিছুটা পিছিয়েছে। গ্লাসগো বিশ্ববিদ্যালয় ১৪তম থেকে ২৪তম, ইয়র্ক বিশ্ববিদ্যালয় ২৫তম থেকে ৩৮তম, অ্যাস্টন বিশ্ববিদ্যালয় ২১তম থেকে ৪৮তম এবং রিডিং বিশ্ববিদ্যালয় ৩৫তম থেকে ৬৫তম স্থানে নেমে এসেছে।

র‌্যাংকিংয়ের মাঝামাঝি অবস্থানে রয়েছে কিংস কলেজ লন্ডন (২১), লিভারপুল বিশ্ববিদ্যালয় (২২), সারে বিশ্ববিদ্যালয় (২৩), বার্মিংহাম বিশ্ববিদ্যালয় (২৮), লিডস বিশ্ববিদ্যালয় (২৮), ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় (৩৫) এবং কার্ডিফ বিশ্ববিদ্যালয় (৩৭)।

তালিকার একেবারে নিচের দিকে রয়েছে ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় (১২২) এবং ইউনিভার্সিটি অব ওয়েস্ট অব স্কটল্যান্ড, যা ১২৩তম অবস্থানে রয়েছে।

গার্ডিয়ানের এই র‌্যাংকিং শুধু সামগ্রিক অবস্থান নয়, বিষয়ভিত্তিক ফলাফলও প্রকাশ করে। ফলে শিক্ষার্থীরা নিজেদের পছন্দের বিষয় অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শক্তি ও দুর্বলতা তুলনা করার সুযোগ পান। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে র‌্যাংকিং গুরুত্বপূর্ণ হলেও কোর্সের মান, অবস্থান, টিউশন ফি, শিক্ষার পরিবেশ এবং ব্যক্তিগত লক্ষ্যও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।