সিলেট বিভাগের খবর

মৌলভীবাজারের কুলাউড়ায় সাংবাদিকদের হাতে মবের শিকার হলে আরেক সাংবাদিক

মৌলভীবাজারের কুলাউড়ায় সাংবাদিকদের হাতে মবের শিকার হলে আরেক  সাংবাদিক

সিলেট প্রতিনিধি, ২৭ জুন:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সাংবাদিকের মবের হামলার শিকার হয়েছেন সাংবাদিক রুমেল আহমেদ। শুক্রবার (২৬ জুন) বিকেলে শরীফপুর ইউনিয়নের আমতলা বাজারে এ ঘটনা ঘটে। মারধরে আহত হওয়ার পর তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়।

জানা গেছে, এনসিপির একটি রাজনৈতিক কর্মসূচি কাভার করতে ঢাকা থেকে কুলাউড়ায় যান রুমেল আহমেদ। কর্মসূচিস্থলে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে কয়েকজন স্থানীয় সাংবাদিকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে আমতলা বাজারে তাকে আলাদা করে ডেকে নিয়ে কিল-ঘুষি ও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে যাদের নাম এসেছে তারা হলেন—শাহজাহান আহমদ, শেখ সিরাজুল ইসলাম, মু. ইমাদ উদ-দীন, শাহবান রশীদ চৌধুরী অনি এবং জামাল হোসেন তারেক।

রুমেল আহমেদ বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সহকর্মীদের হাতেই হামলার শিকার হয়েছেন তিনি। মারধরের পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন মিলে এক ব্যক্তিকে মারধর করতে দেখে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আহত সাংবাদিককে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগের বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযুক্তদের একজনের কর্মস্থল সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।