যুক্তরাজ্যে তামাক বিক্রিতে ঐতিহাসিক নিষেধাজ্ঞা
২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ আর কখনও কিনতে পারবে না সিগারেট—পার্লামেন্টে বিল পাস
লন্ডন, ২২ এপ্রিল: যুক্তরাজ্যে তামাক নিয়ন্ত্রণে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে এমন একটি বিল পার্লামেন্টে চূড়ান্তভাবে পাস হয়েছে, যার ফলে ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পর জন্ম নেওয়া কোনো ব্যক্তি জীবনে কখনও বৈধভাবে তামাকজাত পণ্য কিনতে পারবে না। সরকারের লক্ষ্য—একটি সম্পূর্ণ “ধূমপানমুক্ত প্রজন্ম” তৈরি করা।

‘টোবাকো অ্যান্ড ভেপস বিল’ নামে এই প্রস্তাব আগামী সপ্তাহে রাজকীয় সম্মোদন (Royal Assent) পেলেই আইনে পরিণত হবে। ২০২৪ সালের ৫ নভেম্বর বিলটি প্রথম উত্থাপনের পর দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে এটি পার্লামেন্টের দুই কক্ষ—হাউস অব কমন্স ও হাউস অব লর্ডস—অতিক্রম করে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
নতুন আইনের অধীনে ধাপে ধাপে তামাকের বিক্রি পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকার মনে করছে, এতে ধূমপানের আসক্তির চক্র ভাঙা সম্ভব হবে এবং জনস্বাস্থ্যের ওপর এর দীর্ঘমেয়াদি ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
পরিসংখ্যান বলছে, শুধু ইংল্যান্ডেই প্রতি বছর ধূমপানের কারণে প্রায় ৪ লাখ মানুষ হাসপাতালে ভর্তি হন এবং ৬৪ হাজার মানুষের মৃত্যু ঘটে। ক্যানসার, হৃদরোগসহ তামাকজনিত অসুস্থতার চিকিৎসায় National Health Service (ন্যাশনাল হেলথ সার্ভিস)-এর বছরে প্রায় ৩ বিলিয়ন পাউন্ড ব্যয় হয়। উৎপাদনশীলতা হ্রাসসহ সমাজে এর মোট আর্থিক ক্ষতি বছরে ২১ থেকে ২৭ বিলিয়ন পাউন্ডের মধ্যে বলে ধারণা করা হয়।
যুক্তরাজ্যের স্বাস্থ্যসচিব Wes Streeting (ওয়েস স্ট্রিটিং) এ ঘটনাকে দেশের জনস্বাস্থ্যের জন্য “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে উল্লেখ করে বলেন, “এটি এমন একটি প্রজন্ম তৈরি করবে, যারা আজীবন আসক্তি ও ক্ষতির হাত থেকে সুরক্ষিত থাকবে। প্রতিরোধ চিকিৎসার চেয়ে উত্তম—এই সংস্কার জীবন বাঁচাবে এবং স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ কমাবে।”
নতুন আইন অনুযায়ী, ধূমপানবিরোধী বিদ্যমান বিধিনিষেধ আরও কঠোর করা হবে। শিশুদের খেলার মাঠ, স্কুল এবং হাসপাতালের বাইরেও ধূমপান নিষিদ্ধ করার ক্ষমতা পাবে সরকার।
ধূমপানবিরোধী সংস্থা Action on Smoking and Health-এর প্রধান নির্বাহী Hazel Cheeseman (হ্যাজেল চিজম্যান) বলেন, “এটি জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। ধূমপানের অবসান এখন আর অনিশ্চিত নয়—এটি অনিবার্য।”
একইভাবে Asthma and Lung UK (অ্যাজমা অ্যান্ড লাং ইউকে)-এর প্রধান নির্বাহী Sarah Sleet (সারা স্লিট) বলেন, “এই আইন দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে রক্ষা করবে।”
এছাড়া, নতুন আইনে শিশুদের লক্ষ্য করে ভেপ বা নিকোটিন পণ্যের ব্র্যান্ডিং, প্রচারণা ও বিজ্ঞাপন নিষিদ্ধ করা হবে, যাতে তারা নিকোটিনে আসক্ত না হয়ে পড়ে।
তবে এই উদ্যোগ নিয়ে কিছু ভেপিং কোম্পানি উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, অতিরিক্ত কঠোর বিধিনিষেধ—বিশেষ করে ফ্লেভার ও পণ্যের প্রাপ্যতার ওপর নিয়ন্ত্রণ—উল্টো প্রাক্তন ধূমপায়ীদের আবার সিগারেটের দিকে ঠেলে দিতে পারে।
ভেপিং কোম্পানি VPZ-এর প্রতিনিধি Richard Begg (রিচার্ড বেগ) বলেন, “অতিরিক্ত সীমাবদ্ধতা অনিচ্ছাকৃতভাবে মানুষকে আবার তামাকের দিকে ফেরাতে পারে।” একইভাবে We Vape-এর প্রতিষ্ঠাতা Mark Oates (মার্ক ওটস) মনে করেন, প্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের কম ক্ষতিকর বিকল্পে আনতে ভেপের স্বাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে, যুক্তরাজ্যের এই নতুন আইন বিশ্বে তামাক নিয়ন্ত্রণে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে—যেখানে লক্ষ্য শুধু নিয়ন্ত্রণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণভাবে ধূমপানমুক্ত রাখা।