‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’
মক্কা-মদিনায় হামলা গুরুতর অপরাধ, সতর্ক করল সৌদি ধর্ম মন্ত্রণালয়
ভয়েস অব পিপল রিপোর্ট, ১৬ অক্টোবর :
পবিত্র মক্কা ও মদিনায় হামলা, সেখানকার বাসিন্দাদের ভয়ভীতি দেখানো কিংবা তাদের নিরাপত্তা বিঘ্নিত করাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছেন সৌদি আরবের ইসলামবিষয়ক এক প্রচারক। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা আবদুল্লাহ আল-নাজমি এ বিষয়ে সতর্ক করে বলেছেন, ইসলামে এই দুই পবিত্র নগরীর মর্যাদা ও মানুষের নিরাপত্তা রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সৌদি সংবাদমাধ্যম আজেল নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবদুল্লাহ আল-নাজমি এ প্রসঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিসের কথা উল্লেখ করেন। ওই হাদিসে মদিনার বাসিন্দাদের ভয় দেখানোর বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা রয়েছে।
ইসলামে মক্কা ও মদিনা মুসলিম বিশ্বের অত্যন্ত সম্মানিত দুই পবিত্র নগরী। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি হজ, ওমরাহ ও ইবাদতের উদ্দেশ্যে এসব শহরে যান। ফলে সেখানে জননিরাপত্তা বজায় রাখা এবং মানুষের ধর্মীয় অনুভূতি ও পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আবদুল্লাহ আল-নাজমির বক্তব্যে পবিত্র নগরীগুলোর নিরাপত্তা বিঘ্নিত করার বিরুদ্ধে ইসলামের কঠোর অবস্থান তুলে ধরা হয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এসব স্থানের মর্যাদা রক্ষার পাশাপাশি সেখানে অবস্থানরত মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব।