‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’

মক্কার মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কার মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

বিশ্ব সংবাদ ডেস্ক, ১৬ অক্টোবর:

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ড’ এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। গত বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার। সৌদি সংবাদমাধ্যম আজেল নিউজের আরবি ও ইংরেজি সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে তাঁদের নাম ও মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ওই দুই বাংলাদেশি মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পরে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।

বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায় দেন। অপরাধের গুরুতর প্রকৃতি এবং পবিত্র স্থান ও সময়ের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখার পর রাজকীয় আদেশে দণ্ড কার্যকর করা হয় বলে সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে ‘অনৈতিক কর্মকাণ্ড’ বলতে ঠিক কী ধরনের অপরাধ বোঝানো হয়েছে, তারও বিস্তারিত প্রকাশ করা হয়নি। ফলে তাঁদের সম্পর্ক কী ছিল কিংবা তাঁরা স্বামী-স্ত্রী ছিলেন কি না, তা নিশ্চিত করার মতো তথ্যও প্রকাশিত বিবৃতিতে নেই।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা রক্ষা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী আইন কার্যকর করার বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পবিত্র মসজিদের মর্যাদা ক্ষুণ্ন করে এমন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

সৌদি সংবাদমাধ্যম আজেল নিউজের ১৪ অক্টোবর প্রকাশিত আরবি প্রতিবেদনে মৃত্যুদণ্ড কার্যকরের খবরটি প্রথম প্রকাশিত হয়।