ব্রিটিশ পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ

ব্রিটিশ পার্লামেন্টে খালেদা জিয়াকে  শ্রদ্ধার সঙ্গে স্মরণ

লন্ডন, ১২ ডিসেম্বর :  লন্ডনে ব্রিটিশ সংসদের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এ সেমিনারে তাকে নিয়ে স্মৃতিচারণ করেন অংশগ্রহণকারীরা।

‘তারেক রহমানের নীতি ও রাজনীতি : সমকালীন বাংলাদেশ’ শিরোনামের এই আন্তর্জাতিক আয়োজনে উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি, লর্ডস, রাজনীতিবিদ, আন্তর্জাতিক আইনজীবী, সাংবাদিকসহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটির আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে।

আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা নিয়ে মতবিনিময় করেন।

হাউস অব লর্ডসের সিনিয়র মেম্বার লর্ড হোসাইনের সভাপতিত্বে সেমিনারটি পরিচালনা করেন সংগঠনের ফাউন্ডার ও আইঅন টিভির সিইও আতাউল্যাহ ফারুক।

প্যানেল স্পিকার হিসেবে বক্তব্য দেন আমনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ, ব্রিটিশ এমপি অ্যালেক্স বারোস-কার্টিস এবং আন্তর্জাতিক আইনজীবী রায়ান উইলিয়ামস।

এ ছাড়া মতামত দেন সাবেক ব্রিটিশ এমপি সাইমন ডানজাক, এমপি পল ও এবং ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব জুলিয়ান গ্যালান্ট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মাহিদুর রহমান ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুল মুজিব রহমান।