‘খান একজন অযোগ্য, দুষ্ট, ঘৃণ্য মেয়র” : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
লন্ডন, ১০ ডিসেম্বর: আবারো লন্ডনের মেয়র সাদিক খানের সমালোচনায় মুখর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রশ্ন তুলেছেন সাদিক খানের আদর্শ ও দক্ষতা নিয়ে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প সাদিক খানকে অযোগ্য, বিপর্যয় ও ভয়াবহ মেয়র হিসেবে অভিহিত করেছেন। লন্ডন মেয়রকে অপমানসূচক কথা বলে ট্রাম্প ঘুরিয়ে লন্ডনের বাসিন্দাদের অপমান করলেন।
তিনি বলেন, “লন্ডনের মেয়র একজন মুসলিম এবং তিনি অভিবাসীদের ভোটে নির্বাচিত হয়েছেন। এর মানে হলো, শ্বেতাঙ্গ ভোটারদের হটিয়ে অভিবাসীরা জায়গা করে নিচ্ছে।”
ট্রাম্প আরও বলেন, “আপনি যদি লন্ডনের দিকে তাকান, তাহলে দেখবেন সেখানে খান নামে একজন মেয়র আছেন। তিনি একজন ভয়াবহ মেয়র। তিনি একজন অযোগ্য, দুষ্ট, ঘৃণ্য মেয়র।” যদিও যুক্তরাজ্য বিধিনিষেধমূলক অভিবাসন আইন গ্রহণ করেছে, তারপরও ট্রাম্প দাবি করেছেন, “দেশটি অনিয়ন্ত্রিত ও অযাচিতভাবে অভিবাসীদের প্রবেশ করতে দিচ্ছে।”
তিনি বলেন, “লন্ডনের মেয়র বিপর্যয়। যে আদর্শ থাকার কথা ছিল তার থেকে সম্পূর্ণ ভিন্ন মতাদর্শ রয়েছে তার। তিনি নির্বাচিত হন কারণ এত মানুষ এদেশে এসেছে এবং তারা তাকে ভোট দেয়।” সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতার সময়েও ট্রাম্প সাদিক খানের সমালোচনা করেছিলেন।
সাক্ষাৎকারে তিনি ইউরোপের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “অবৈধ অভিবাসীদের জন্য ইউরোপ দুর্বল হয়ে পড়েছে। ইউরোপীয় দেশগুলোর উচিত অবৈধভাবে আসা অভিবাসীদের বহিষ্কার করা।”