সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই

সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই

সিলেট প্রতিনিধি, ২৭ এপ্রিল:

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই। রোববার (২৬ এপ্রিল) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় তাঁকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই এবং সুনামগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক সাজাউর রাজা চৌধুরী।

দেওয়ান শামসুল আবেদীন ছিলেন মরমী কবি দেওয়ান হাছন রাজা-এর প্রপৌত্র। তাঁর পারিবারিক পরিচয়ের পাশাপাশি রাজনৈতিক জীবনও ছিল দীর্ঘ ও ঘটনাবহুল। ছাত্রজীবনে তিনি সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপিতে সক্রিয় হয়ে ওঠেন এবং ১৯৭৯ সালে সুনামগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৩ সালে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে দলীয় রাজনীতির নানা পরিবর্তনের মধ্যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক অবস্থানে যুক্ত হন এবং ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে অংশ নেন।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন সদালাপী, বিনয়ী ও অমায়িক স্বভাবের মানুষ। রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর ছিল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এলাকায় তিনি এক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহলের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। অনেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় সুনামগঞ্জের লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।