ভারতের সাথে রাজনৈতিক টানাটানি: তবু ৫০ মেট্রিক টন চাউল আমদানি !
ঢাকা, ২৪ ডিসেম্বর : ভারতের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বাংলাদেশ ৫০ হাজার মেট্রিক টন চাউল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।
ড. সালেহউদ্দিন বলেন, “বাজারে আতপ চালের চাহিদা বেড়ে যাওয়ায় আমাদের অতিরিক্ত চাল আমদানি করতে হচ্ছে। ভারত থেকে না আনলে ভিয়েতনাম থেকে আনতে গেলে প্রতি কেজি আরও ১০ টাকা বেশি খরচ হতো। তাই ভারত থেকে আমদানি করাই সুবিধাজনক।” তিনি আরও বলেন, “ভারতের সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্কের ইস্যুতে কাজ চলছে। তবে আমি বিশ্বাস করি, ভারতের সঙ্গে সম্পর্ক খুব খারাপ হবে না।”
অর্থ উপদেষ্টা জানান, বাইরে চালের দাম বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে চীনের চাহিদা বৃদ্ধির কারণে। চীন মূলত ভিয়েতনাম থেকে চাল কিনছে, যা বাজারে চাপ সৃষ্টি করছে। এ অবস্থায় ৫০ হাজার টন চাউল আমদানি কিছুটা স্বস্তির বিষয় হবে।
ড. সালেহউদ্দিন আরও উল্লেখ করেন, দেশের সার ও ডালের চাহিদা পূরণেও ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। মরক্কো থেকে ৯০ হাজার টন টিএসপি সার এবং আরও ৪০ হাজার মেট্রিক টন সার আনা হচ্ছে। এছাড়া ১০ হাজার মেট্রিক টন মসুর ডালও দেশে পৌঁছাবে।
তিনি বলেন, “কিছু কিছু রাজনৈতিক বক্তব্য রেটোরিকের পর্যায়ে আছে। সরকার সব ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখতে আমরা সব চেষ্টা করছি।”
এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে এবং বাজারে চালের সরবরাহ নিশ্চিত করতে সরকার এক প্রকার ব্যালান্স করছে, যেখানে আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা ও অভ্যন্তরীণ চাহিদার ভারসাম্য রক্ষা করা জরুরি।