সিলেটে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, মামলা দায়ের
সিলেট প্রতিনিধি, ১৪ ডিসেম্বর : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর পাথর নিক্ষেপ করে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে বিজিবি সদস্যরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলায় ছয় থেকে সাত জনকে সরাসরি আসামি করা হয়েছে এবং আরও ১৬ থেকে ১৭ জনকে অজ্ঞাতনামা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চার রাস্তার মোড় ট্রলির লাইন এলাকায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এক সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে ধাওয়া করলে মাদক কারবারিরা মোটরসাইকেলটি ও ১৬৭ বোতল ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। এরপর ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল বিজিবি সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। উত্তপ্ত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে বিজিবি চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “মাদক কারবারিদের ধরতে গিয়ে আমাদের সদস্যরা হামলার শিকার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তিন থেকে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আলমগীর জানান, “সীমান্ত এলাকায় মাদক পাচারের চেষ্টাকালে চোরাকারবারিরা সংঘবদ্ধভাবে বিজিবির ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।”