সিলেটের ওসমানীনগরে অটোরিকশা চালককে হত্যা, সেতুর নিচে মিলল লাশ

সিলেটের ওসমানীনগরে অটোরিকশা চালককে হত্যা, সেতুর নিচে মিলল লাশ

  

নিহত শিপন আহমদ (২৫)

সিলেট প্রতিনিধি, ১৪ ডিসেম্বর:  সিলেটের ওসমানীনগরে নিখোঁজের এক রাত পর এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের চাতলপাড় কেশবপুর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ওসমানীনগর থানার ওসি মো. মোরশেদুল হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

নিহত যুবকের নাম শিপন আহমদ (২৫)। তিনি দয়ামীর ইউনিয়নের রাইকদারা–গাংপাড় গ্রামের আশরফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় শিপন তার বড় বোনের সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সারারাত অপেক্ষা করেও তার কোনো খোঁজ পাননি।

রোববার সকালে কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্বজনরা সেখানে গিয়ে মরদেহটি শিপনের বলে শনাক্ত করেন। প্রিয়জনের নিথর দেহ দেখে স্বজনদের আহাজারিতে ঘটনাস্থল ভারী হয়ে ওঠে।

ওসি মো. মোরশেদুল হাসান ভূঁইয়া জানান, নিহতের কানের নিচে ও বুকের বাম পাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা অটোরিকশাটি ভাড়া করে নিয়ে গিয়ে শিপনকে হত্যা করে গাড়িটি ছিনতাই করে নিয়ে গেছে।

ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও অটোরিকশা উদ্ধারে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে তরুণ অটোরিকশা চালকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।