ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

‘খাই খাই’ রাজনীতি বন্ধের আহ্বান বিএনপি এমপির, দলীয় নেতাদের তীব্র সমালোচনা

‘খাই খাই’ রাজনীতি বন্ধের আহ্বান বিএনপি এমপির, দলীয় নেতাদের তীব্র সমালোচনা

স্টাফ রিপোর্টার, ৭ আগস্ট: ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর ভাষায় সমালোচনা করে ‘খাই খাই’ সংস্কৃতি পরিহারের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, কিছু নেতা-কর্মী ব্যক্তিস্বার্থে দলীয় আদর্শ থেকে সরে যাচ্ছেন।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে রফিকুল ইসলাম লেখেন, গত ছয় মাসে অনেকেই নানা সুযোগ-সুবিধা নিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারা দেওয়া, তাঁদের পক্ষে অবস্থান নেওয়া, ঠিকাদারি কাজ দেখভাল করা এমনকি অর্থের বিনিময়ে আওয়ামী লীগের লোকজনকে দলে নেওয়ার অভিযোগও তিনি উত্থাপন করেন। পোস্টে তিনি মন্তব্য করেন, এভাবে চলতে থাকলে মনে হচ্ছে কেউ কেউ পুরো দলকেই শেষ করে ফেলবেন।

তিনি আরও বলেন, যাঁদের আত্মত্যাগের মাধ্যমে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাঁদের স্মরণেও অনেক নেতা-কর্মী ন্যূনতম দায়িত্ব পালন করেননি। কেবল পদ-পদবীর আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করলে দল থেকে একসময় ছিটকে পড়তে হবে বলেও সতর্ক করেন তিনি।

এ পোস্ট প্রকাশের পর ঝালকাঠির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয় বিএনপির একাংশের ধারণা, সাম্প্রতিক কয়েকটি সাংগঠনিক ও প্রশাসনিক ইস্যুকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষ থেকেই তিনি এমন প্রকাশ্য মন্তব্য করেছেন।

স্থানীয় পর্যায়ের অভিযোগ অনুযায়ী, গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার ঠিকাদারি কার্যক্রম বিএনপির কিছু পদধারী নেতা দেখভাল করছেন। পাশাপাশি রাজনৈতিক মামলায় আওয়ামী লীগের নেতাদের পক্ষে বিএনপিপন্থী কিছু আইনজীবীর অংশগ্রহণ নিয়েও দলের ভেতরে অসন্তোষ রয়েছে।

এ ছাড়া সম্প্রতি ঝালকাঠি জেলা পরিষদের ৪১৭টি উন্নয়ন প্রকল্প স্থগিত হওয়াকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতৃত্ব ও স্থানীয় সংসদ সদস্যদের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে আসে। অভিযোগ রয়েছে, সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় ছাড়াই প্রকল্পগুলো অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। পরে দুই সংসদ সদস্য প্রকল্পগুলো বাতিলের দাবি জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পৃথক ডিও লেটার পাঠান।

এ বিষয়ে রফিকুল ইসলাম জামাল বলেন, নেতা-কর্মীদের নৈতিক অবক্ষয় রোধ এবং দলের প্রতি আনুগত্য বজায় রাখার তাগিদ থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেছেন। তাঁর প্রত্যাশা, দলের নেতা-কর্মীরা আদর্শ ও শৃঙ্খলাকে গুরুত্ব দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।